সরকারি লোগোযুক্ত শিক্ষামূলক ভ্রমণের সম্মতিপত্রে বানান ও তথ্যগত ভুল, ক্ষুব্ধ অভিভাবক মহল
ছৈলেংটা প্রতিনিধি:
শিক্ষার মান ও বিদ্যালয়ের দায়িত্বশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠল ছৈলেংটায়। পিএমশ্রী ছৈলেংটা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের শিক্ষামূলক ভ্রমণের একটি সম্মতিপত্রকে কেন্দ্র করে অভিভাবক মহলে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সম্প্রতি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো ত্রিপুরা সরকারের লোগো সংবলিত ওই সম্মতিপত্রটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক।
অভিভাবকদের অভিযোগ, সরকারি লোগো ব্যবহার করা একটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিতে একাধিক বানান, ব্যাকরণগত ও তথ্যগত ভুল রয়েছে। শিক্ষামূলক ভ্রমণের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সম্মতিপত্র তৈরির ক্ষেত্রেও যদি এ ধরনের অসতর্কতা দেখা যায়, তাহলে বিদ্যালয়ের দায়িত্বশীলতা ও কাজের মান নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলে মনে করছেন তাঁরা।
ঘটনাটি সামনে আসার পর ক্ষুব্ধ অভিভাবকদের একাংশের প্রশ্ন, যে বিদ্যালয়ে শিক্ষার্থীদের শুদ্ধ ভাষা, সঠিক বানান ও নিয়মানুবর্তিতা শেখানোর কথা, সেই বিদ্যালয়ের দাপ্তরিক নথিতেই যদি এত ভুল থাকে, তাহলে শিক্ষার্থীদের কাছে কী ধরনের দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে?
অভিভাবকদের মতে, একটি সম্মতিপত্রে ভুল থাকতেই পারে, কিন্তু সরকারি লোগো সংবলিত নথি প্রকাশের আগে তা যথাযথভাবে যাচাই করা প্রয়োজন ছিল। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এ ধরনের অসতর্কতা কাম্য নয়।
এদিকে, বিষয়টি নিয়ে সচেতন মহলেও আলোচনা শুরু হয়েছে। তাঁদের বক্তব্য, বিদ্যালয়ের প্রতিটি দাপ্তরিক নথি যথেষ্ট সতর্কতার সঙ্গে প্রস্তুত করা উচিত। কারণ, এ ধরনের নথির সঙ্গে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা জড়িয়ে থাকে।
অভিভাবক মহলের দাবি, সংশ্লিষ্ট সম্মতিপত্রের ভুলগুলি চিহ্নিত করে প্রয়োজনে নতুন করে সঠিক নথি প্রকাশ করা হোক। পাশাপাশি, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে হবে।
তবে এই বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানা গেলে তা-ও প্রকাশ করা হবে। এখন দেখার বিষয়, সরকারি লোগো সংবলিত ওই সম্মতিপত্রের ভুলত্রুটি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে।

0 মন্তব্যসমূহ