নল আছে, জল নেই — পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ এলাকাবাসী, সড়ক অবরোধ
ধলাই জেলার লংতরাইভ্যালী মহকুমার ছৈলেংটা টু ছাওমনু বাকছড়া সড়কে বুধবার সড়ক অবরোধে সামিল হলেন এলাকাবাসী। অভিযোগ, গত পাঁচ দিন ধরে এলাকায় পানীয় জলের তীব্র সংকট চলছে। নল থাকলেও জল না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
জানা যায়, কয়েকদিন আগে সড়কের সংস্কারের কাজ চলাকালীন অসাবধানতাবশত পানীয় জলের পাইপলাইন কেটে যায়। এরপর থেকেই এলাকায় জল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। স্থানীয়রা বারবার সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি জানালেও দীর্ঘ পাঁচ দিনেও পাইপলাইন মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ।
ফলে বাধ্য হয়ে বুধবার সকালে ছৈলেংটা–ছাওমনু বাকছড়া সড়ক অবরোধ করে বিক্ষোভে বসেন এলাকাবাসী। অবরোধের জেরে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং আটকে পড়ে বহু যানবাহন।
বিক্ষোভকারীদের দাবি, দ্রুত ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত করে এলাকায় নিয়মিত পানীয় জলের ব্যবস্থা করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

0 মন্তব্যসমূহ