উদয়পুর কিল্লায় তিপ্রা মথার জনসভায় প্রদ্যুৎ কিশোরের হুঙ্কার: "২০২৮ সালে আগরতলা দখল করবো
কিন্তু প্রশ্ন উঠছে জনমানসে — গত এডিসি নির্বাচনে যে দল গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের স্বপ্ন দেখিয়ে জনজাতি মানুষের ভোট আদায় করেছিল, সেই প্রতিশ্রুতির কী হলো? সেই দাবি আজ কোথায়? গ্রেটার ত্রিপুরার স্বপ্ন অধরাই রয়ে গেল, আর এবার নতুন স্বপ্ন — আগরতলা দখল। নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতি, নির্বাচনের পরে নীরবতা — এই চক্রে বারবার প্রতারিত হচ্ছেন সাধারণ জনজাতি মানুষ।
সভায় প্রদ্যুৎ কিশোর দেববর্মণ তীব্র ভাষায় অভিযোগ করেন, আগরতলায় কারোর সন্তানকে ল্যাপটপ ও কম্পিউটার দেওয়া হচ্ছে, অথচ তিপ্রাসাদের ভাগ্যে জুটছে শূকর, ছাগল ও মুরগি। কিন্তু সচেতন মহলের প্রশ্ন, যে নেতা নিজে ক্ষমতার অলিন্দে বসে থেকেও জনজাতির ভাগ্য পরিবর্তন করতে পারেননি, তিনি আজ মঞ্চে দাঁড়িয়ে বৈষম্যের কথা বলছেন — এই আবেগ কি সত্যিকারের, নাকি নিছকই ভোটের রাজনীতি?
২০২৬ এডিসি নির্বাচনের আগে একের পর এক বড় প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটানো হচ্ছে। জনজাতি মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও আবেগকে পুঁজি করে ভোট আদায়ের এই রাজনীতি নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ছে সচেতন মহলে। প্রতিবারই নতুন দাবি, নতুন স্বপ্ন — কিন্তু বাস্তবে জনজাতির জীবনমান উন্নয়নে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই।
জনসভায় প্রদ্যুৎ কিশোর দেববর্মণ সহ তিপ্রা মথা দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ