নদী ভাঙন রোধে বোল্ডার বসানোর কাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ! ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ময়নামার এলাকাবাসী
লংথারাইভ্যালি প্রতিনিধি:
লংথারাইভ্যালি মহকুমার মনু থেকে ছৈলেংটা সড়ক সংলগ্ন ময়নামা এলাকায় ভৈরবতুলি নদীর ভাঙন রোধে শুরু হয়েছে বোল্ডার বসানোর কাজ। ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের উদ্যোগে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ঠিকাদার তনুশ্রী সরকারকে। তবে কাজের গুণমান নিয়ে ইতিমধ্যেই গুরুতর প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীদের অভিযোগ, নদীভাঙন রোধের মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। তাঁদের দাবি, বোল্ডার তৈরির ক্ষেত্রে সিমেন্ট ও খোয়ার পরিমাণ কমিয়ে অতিরিক্ত বালু ব্যবহার করা হচ্ছে। ফলে নির্মিত বোল্ডারগুলি দীর্ঘদিন টেকসই হবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে তাঁদের মধ্যে।
স্থানীয়দের আরও অভিযোগ, কাজের অনিয়মের বিষয়টি একাধিকবার ঠিকাদারের নজরে আনা হলেও তাতে কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না। বরং অভিযোগ, নিজেদের মতো করেই কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদার।
এই পরিস্থিতিতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ছৈলেংটা থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
এলাকাবাসীদের বক্তব্য, নদীভাঙনের হাত থেকে তাঁদের বসতবাড়ি ও সম্পত্তি রক্ষা করতে ত্রিপুরা সরকার এবং স্থানীয় বিধায়ক শম্ভুলাল চাকমার উদ্যোগে এই প্রকল্পের বরাদ্দ করা হয়েছে। অথচ সেই গুরুত্বপূর্ণ কাজেই যদি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়, তাহলে সরকারি অর্থ ব্যয় করেও প্রকৃতপক্ষে কোনও স্থায়ী সুরক্ষা মিলবে না।
তাঁদের দাবি, অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা সরেজমিনে কাজ পরিদর্শন করে ব্যবহৃত সামগ্রীর গুণমান পরীক্ষা করুন এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।
এখন দেখার বিষয়, এলাকাবাসীদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট কী পদক্ষেপ গ্রহণ করে এবং নদীভাঙন রোধের এই কাজের গুণমান নিশ্চিত করতে প্রশাসন কতটা তৎপর হয়।

0 মন্তব্যসমূহ