কৈলাসহরের ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপির বাড়ি বাড়ি প্রচার, উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মন্ত্রী টিংকু রায়
প্রতিনিধি অনুপম পাল। কৈলাসহর
আসন্ন কৈলাসহর পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে নামল বিজেপি। আজ সকাল ৮টা থেকেই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার শুরু করেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়। প্রচারে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন মণ্ডল সভাপতি হেমেন্দ্র কুমার দে, ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী শিবানী সিনহা-সহ দলের একাধিক নেতা-কর্মী ও কার্যকর্তা।বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী ও দলীয় নেতৃত্ব। আগামী ২৭ নভেম্বর পুর পরিষদ নির্বাচনের ভোটকে কেন্দ্র করেই এই জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রচারের ফাঁকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় রাজ্যে বিজেপি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর বক্তব্যে উঠে আসে রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, পানীয় জল, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং সামাজিক সুরক্ষা প্রকল্পের প্রসঙ্গ। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও তিনি গুরুত্ব আরোপ করেন। বিজেপি সরকার রাজ্যের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে। উন্নয়নের এই ধারাকে স্থানীয় স্তরেও আরও এগিয়ে নিয়ে যেতে পুর পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। শহরের নাগরিক পরিষেবা, রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং পানীয় জলের মতো মৌলিক পরিষেবার উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেন তিনি।১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী শিবানী সিনহাকে সঙ্গে নিয়ে প্রচার চালানোর পাশাপাশি স্থানীয় মানুষের বিভিন্ন অভাব-অভিযোগ ও সমস্যার কথাও শোনেন দলীয় নেতৃত্ব। আগামী দিনে পুর পরিষদের মাধ্যমে নাগরিক পরিষেবার উন্নয়নে কাজ করার বিষয়টি প্রচারে তুলে ধরা হয়।
উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর কৈলাসহর পুর পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার ও জনসংযোগ কর্মসূচি শুরু হয়েছে। ১৭ নম্বর ওয়ার্ডেও বিজেপির এই বাড়ি বাড়ি প্রচারকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

0 মন্তব্যসমূহ