সাংবাদিকদের দূরদর্শিতা ও সাহসিকতায় প্রাণ রক্ষা পেয়েছিল আশাবাড়ি বিএসএফ জোয়ানের
আগরতলা প্রতিনিধি:সাংবাদিকতার কাজ শুধু সংবাদ সংগ্রহ, ছবি তোলা কিংবা সংবাদ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়।সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ থেকেও যে সাংবাদিকরা বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে পারেন, তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বক্সনগর প্রেস ক্লাবের তিন সাহষী সাংবাদিক। তাঁরা হলেন সাংবাদিক জুয়েল উদ্দিন, শোখেন শুক্লাদাস এবং মমিনুল হক। তাঁদের সাহসিকতা ও মানবিক ভূমিকা ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে।উল্লেখ্য; গত ২রা নভেম্বর কলমচৌড়া থানাধীন আশাবাড়ি পঞ্চায়েত এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে বিএসএফ ও এলাকার সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা এবং সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় এবং রাস্তা অবরোধ করা হয়। অভিযোগ, সেই অবরোধ স্থলে উত্তপ্ত পরিস্থিতির সুযোগ নিয়ে একদল দুষ্কৃতকারী রহিমপুর বিওপির এসিস্ট্যান্ট কম্পানি কমান্ডারসহ কয়েকজন বিএসএফ জওয়ানের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় মনজিত সিং নামে এক বিএসএফ কনস্টেবল গুরুতরভাবে আহত হন। শুধু তাই নয়, এক পর্যায়ে বিএসএফ জওয়ানের কাছ থেকে তাঁর সার্ভিস রাইফেলও ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।সেই সময় সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বক্সনগর প্রেস ক্লাবের ওই তিন সাংবাদিক। প্রথমে তাঁরা গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করছিলেন। কিন্তু চোখের সামনে বিএসএফ জওয়ানদের ওপর নির্মম আক্রমণ এবং তাঁদের অসহায় পরিস্থিতি দেখে তাঁরা আর নিছক দর্শকের ভূমিকায় থাকতে পারেননি। মুহূর্তের মধ্যেই ক্যামেরা ও কলমের দায়িত্ব সরিয়ে রেখে মানবিকতার টানে আক্রান্ত জওয়ানদের রক্ষায় এগিয়ে আসেন তাঁরা।সাংবাদিক জুয়েল উদ্দিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে আক্রান্ত বিএসএফ কনস্টেবলকে ধরে নিরাপদ স্থানে পৌঁছে দেন। পাশাপাশি হামলাকারীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সার্ভিস রাইফেল উদ্ধার করে বিএসএফের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রেও সাহসী ভূমিকা পালন করেন। অন্যদিকে, সাংবাদিক শোখেন শুক্লাদাস নিজের কাঁধে করে আহত এক বিএসএফ জওয়ানকে হামলাকারীদের হাত থেকে নিরাপদ স্থানে সরিয়ে আনেন। এই সময় তাঁর নিজের পরনের জামাকাপড়ও রক্তে ভিজে যায়। একইভাবে সাংবাদিক মমিনুল হকও নিজের নিরাপত্তার কথা না ভেবে আক্রান্ত বিএসএফ জওয়ানদের পাশে দাঁড়িয়ে তাঁদের উদ্ধারে সহযোগিতা করেন।তিন সাংবাদিকের বক্তব্য, বিএসএফ জওয়ানরা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের সীমান্ত সুরক্ষায় দিনরাত দায়িত্ব পালন করেন।দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তাঁদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিপদের মুহূর্তে তাঁদের পাশে দাঁড়ানোকে তাঁরা নিজেদের মানবিক ও নাগরিক দায়িত্ব বলেই মনে করেছেন।ঘটনাটি পুলিশ প্রশাসন ও বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও এসেছে। তাঁদের এই সাহসিকতা ও মানবিকতার বিষয়টি বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে। সংবাদ সংগ্রহের জন্য হাতে থাকা ক্যামেরা যখন থেমে যায়, তখন মানবিকতার দায়িত্বই যে সবচেয়ে বড় হয়ে ওঠে, তা প্রমাণ করলেন এই তিন সাহষী সাংবাদিক।

0 মন্তব্যসমূহ