জনস্বার্থে ১১ দফা দাবিতে ছাওমনু বিডিও-র নিকট ব্লক কংগ্রেসের স্মারকলিপি প্রদান
স্মার্ট মিটার বাতিল, আবাসন, গ্যাস পরিষেবা ও বেহাল রাস্তা সংস্কারের জোরালো দাবি
নিজস্ব প্রতিনিধি, ছাওমনু:
এলাকাবাসীর দীর্ঘদিনের নানা সমস্যা, জনদুর্ভোগ নিরসন এবং গ্রামীণ উন্নয়নের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে একগুচ্ছ দাবিতে সোচ্চার হলো ছাওমনু ব্লক কংগ্রেস। আজ দুপুর ১২ ঘটিকায় ধলাই জেলার ছাওমনু আর.ডি ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO)-র নিকট জনস্বার্থে ১১ দফা দাবি সম্বলিত এক স্মারকলিপি (ডেপুটেশন) তুলে দেওয়া হয়।
ব্লক কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে পানীয় জল, বেহাল যোগাযোগ ব্যবস্থা, গ্যাস সংকট এবং সরকারি প্রকল্পের সঠিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রশাসনকে একাধিকবার মৌখিকভাবে জানিয়েও প্রতিকার না মেলায় আজ আনুষ্ঠানিকভাবে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপির উল্লেখযোগ্য ১১ দফা দাবি সমূহ:
১. প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMGAY): অতিসত্বর যোগ্য উপভোক্তাদের নামের তালিকা প্রকাশ করে প্রথম কিস্তির অর্থ প্রদান করতে হবে।
২. গ্যাস বুকিং নিয়ম শিথিল: এল.টি.ভি ছৈলেংটা গ্যাস এজেন্সির বুকিং নিয়ম ৪৫ দিনের পরিবর্তে কমিয়ে ৩০ দিন করতে হবে।
৩. ছাওমনুতে গ্যাস বিতরণ: গ্রাহকদের হয়রানি কমাতে ছৈলেংটা গ্যাস এজেন্সি থেকে সরাসরি ছাওমনুতেই গ্যাস সিলিন্ডার বিলি করার ব্যবস্থা নিতে হবে।
৪. স্মার্ট মিটার প্রত্যাহার: জনবিরোধী বিদ্যুৎ 'স্মার্ট মিটার' বসানোর সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।
৫. স্কুল সংলগ্ন রাস্তা সংস্কার: লক্ষ্মীধর কারবারী পাড়া থেকে পোহর ইংলিশ মিডিয়াম স্কুল পর্যন্ত চলাচলের অযোগ্য ভাঙা রাস্তাটি দ্রুত মেরামত করতে হবে।
৬. বাজার ও ড্রেনেজ ব্যবস্থা: ছাওমনু বাজার থেকে বিশ্রাম পর্যন্ত ড্রেন সহ প্রধান সড়ক অতিসত্বর সংস্কার করতে হবে।
৭. সংযোগকারী সড়ক নির্মাণ: ছাওমনু থালছড়া চৌমুহনী থেকে গোবিন্দবাড়ি রাস্তা, মানিকপুর বাজার থেকে রাজধর রাস্তা এবং মানিকপুর বাজার থেকে হাজিগ্রাই রাস্তার কাজ অবিলম্বে শেষ করতে হবে।
৮. নদীর উপর সেতু নির্মাণ: ছাছড়া থেকে চালিতাছড়া এলাকার জনসাধারণের নিরাপদ যাতায়াতের স্বার্থে ছামনু নদীর ওপর সেতুর অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।
৯. কাজের সুষম বণ্টন: পশ্চিম ছাওমনু পঞ্চায়েতের অধীনে বিভিন্ন পাড়ার স্থানীয় প্রকল্পের কাজ অন্যত্র নিয়ে যাওয়া বন্ধ করে প্রতিটি পাড়ায় স্থানীয় বরাদ্দ অনুযায়ী কাজের সুযোগ নিশ্চিত করতে হবে।
এদিনের ডেপুটেশন প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আদিবাসী সেক্রেটারি চক্রবানি ত্রিপুরা, ৪৯ ছাওমনু ব্লক কংগ্রেসের সভাপতি লালন চাকমা এবং ব্লক সহ-সভাপতি বিদান জয় ত্রিপুরা। এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অভিজিৎ দাস, রশিদ আলী, লোকেন্দ্র ত্রিপুরা সহ ব্লকের অন্যান্য দলীয় কর্মী ও সমর্থকেরা।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, বিডিও মহোদয় তাদের দাবিগুলি ধৈর্য সহকারে শুনেছেন এবং সমস্যাগুলি অগ্রাধিকারের ভিত্তিতে সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ব্লক কংগ্রেস।

0 মন্তব্যসমূহ