জনজাতি হয়ে বাংলা ভাষায় কথা বলাকে কেন্দ্র করে গণ্ডাছড়ায় গাড়িচালককে মারধরের অভিযোগ, গুরুতর আহত
গণ্ডাছড়া, ১৫ আগস্ট:- জনজাতি সম্প্রদায়ের হয়েও বাংলা ভাষায় কথা বলাকে কেন্দ্র করে গণ্ডাছড়ায় এক গাড়িচালককে কয়েকজন যুবক বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন গণ্ডাছড়া RD দপ্তরের SDO-র গাড়ির চালক হেমন্ত জমাতিয়া (৩৪)।
জানা গেছে, হেমন্ত জমাতিয়া গাড়ি নিয়ে অমরপুরের দিক থেকে গণ্ডাছড়ার দিকে আসছিলেন। সেই সময় কয়েকজন যুবক বাইকে অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিলেন। অভিযোগ, বিষয়টি দেখে হেমন্ত জমাতিয়া তাঁদের উদ্দেশে বাংলায় বলেন, “তোমরা কেন এত দ্রুত গতিতে বাইক চালাচ্ছ?” এরপরই বাইকে থাকা যুবকেরা ক্ষিপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।
অভিযোগ অনুযায়ী, হেমন্ত জমাতিয়া জনজাতি সম্প্রদায়ের হয়েও কেন বাংলায় কথা বললেন এই প্রশ্ন তুলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন।
ঘটনাটি গণ্ডাছড়ার কালাঝারি SPO ক্যাম্প এলাকার কাছে পুলিশের উপস্থিতির সামনেই ঘটেছে বলেও জানা গেছে। পরে আহত হেমন্ত জমাতিয়াকে চিকিৎসার জন্য গণ্ডাছড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে গোমতী জেলা হাসপাতালে রেফার করে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলা ভাষায় কথা বলাকে কেন্দ্র করে একজন সরকারি গাড়িচালককে মারধরের অভিযোগ ঘিরে বিভিন্ন মহলে ক্ষোভ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা নেয়, এখন সেদিকেই তাকিয়ে স্থানীয়রা।
তবে ঘটনার বিষয়ে পুলিশ বা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এখনও জানা যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার সম্পূর্ণ কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।

0 মন্তব্যসমূহ