দীর্ঘদিনের দুর্ভোগের অবসান! পূর্ব ছাওমনুর দেবেন্দ্র কারবারী পাড়ায় ছাওমনু নদীর উপর নির্মিত হতে চলেছে সেতু
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী, দীর্ঘ ২৫ বছর ধরে ছাওমনু নদীর উপর একটি সেতু নির্মাণের দাবিতে বিভিন্ন সময়ে তৎকালীন বামফ্রন্ট সরকারের নেতা ও মন্ত্রীদের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। কিন্তু তাঁদের অভিযোগ, সেই সময়ে এই গুরুত্বপূর্ণ দাবির প্রতি প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি।
পরবর্তীতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ৪৯-ছাওমনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক শম্ভুলাল চাকমার আন্তরিক প্রচেষ্টায় সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সরকারি উদ্যোগে সেতু নির্মাণের পরিকল্পনা ও মাস্টারপ্ল্যান গ্রহণ করা হয়। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে বলে জানা গেছে।
সম্প্রতি প্রস্তাবিত সেতু নির্মাণের স্থান পরিদর্শনে আসেন ছাওমনু আরডি ডিভিশন ও ব্লকের ইঞ্জিনিয়ার রতন ভৌমিক, ছাওমনু ৫ নং টিটিএএডিসি কেন্দ্রের এমডিসি ইসমেলজয় ত্রিপুরা, ছাওমনু মণ্ডল কমিটির সহ-সভাপতি মাধব বড়ুয়া, সাধারণ সম্পাদক মহত্ব রঞ্জন চাকমা এবং মন্রীজয় ত্রিপুরা সহ অন্যান্যরা।
এলাকাবাসীর সঙ্গে কথা বলার পাশাপাশি প্রস্তাবিত সেতুর স্থান ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হয়। এদিন এমডিসি ইসমেলজয় ত্রিপুরা জানান, আগামী কয়েক দিনের মধ্যেই সেতু নির্মাণের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এখন দেখার বিষয়, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কবে বাস্তবে সেতু নির্মাণের কাজ শুরু হয় এবং কবে নাগাদ দেবেন্দ্র কারবারী পাড়ার বাসিন্দাদের যাতায়াতের দুর্ভোগ সম্পূর্ণভাবে দূর হয়। সেতুটি নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশাবাদী গ্রামবাসীরা।

0 মন্তব্যসমূহ