মন্দিরও রেহাই পেল না চোরের হাত থেকে! পানিসাগরের পঞ্চদেবতা মন্দিরে দুঃসাহসিক চুরি

 মন্দিরও রেহাই পেল না চোরের হাত থেকে! পানিসাগরের পঞ্চদেবতা মন্দিরে দুঃসাহসিক চুরি

দুই ভরি সোনা, তিন ভরি রুপোর গহনা ও নগদ ২৫ হাজার টাকা উধাও! পাশের মিষ্টির দোকানেও চোরের হানা, আতঙ্কিত পানিসাগরবাসী।

পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি:

চোরের দৌরাত্ম্য থেকে এবার রেহাই পেল না ধর্মীয় প্রতিষ্ঠানও। দোকানপাট, অফিস-আদালতের পাশাপাশি মন্দির, মসজিদ ও গির্জাও এখন চোরের নিশানায়। রাতের অন্ধকার কিংবা দিনের আলো—নিত্যনতুন কৌশল অবলম্বন করে চুরির ঘটনা ঘটিয়ে চলেছে দুষ্কৃতীরা। এরই মধ্যে গত ৯ নভেম্বর গভীর রাতে পানিসাগরের শ্রীশ্রী পঞ্চদেবতা মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


মন্দির কল্যাণ সমিতির সদস্যদের কাছ থেকে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে মন্দিরে একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল। রাত আনুমানিক ১২টা নাগাদ অনুষ্ঠান ও যাবতীয় কাজকর্ম শেষ করে সকলে নিজেদের বাড়িতে ফিরে যান। পরদিন ভোর আনুমানিক ৪টা নাগাদ কার্তিক মাস উপলক্ষে মঙ্গলা কীর্তনে যোগ দিতে আসা ভক্তদের নজরে আসে মন্দিরের অফিস কক্ষের পিছনের দরজাটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ঘরের ভিতরে থাকা জিনিসপত্রও এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে ছিল।


বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি মন্দির পরিচালন কমিটিকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কমিটির সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পান, অফিস কক্ষের পিছনের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙেছে চোরেরা। সেখান থেকে আনুমানিক দুই ভরি ওজনের স্বর্ণালংকার, তিন ভরি ওজনের রুপোর গহনা এবং প্রণামির প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।


শুধু মন্দিরেই নয়, মন্দির সংলগ্ন শিবানন্দ দাস নামে এক মিষ্টি ব্যবসায়ীর দোকানের তালা ভেঙেও বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। তবে দোকানে নগদ টাকা না থাকায় সেখান থেকে টাকা নিতে পারেনি দুষ্কৃতীরা।


চুরির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পানিসাগর থানার পুলিশ। মন্দির পরিচালন কমিটির অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে তল্লাশি চালানো হচ্ছে।


উল্লেখ্য, এই একই মন্দিরে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মন্দির পরিচালন কমিটির সদস্যরা। মহকুমা শাসকের কার্যালয়, অগ্নিনির্বাপক দপ্তর এবং আসাম-আগরতলা জাতীয় সড়ক সংলগ্ন জনবহুল এলাকায় অবস্থিত মন্দিরে একের পর এক চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরপর এমন ঘটনায় গোটা পানিসাগর এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।


এখন এলাকাবাসীর একটাই প্রশ্ন, জনবহুল এলাকায় অবস্থিত ধর্মীয় প্রতিষ্ঠানও যদি চোরের হাত থেকে সুরক্ষিত না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ