ছাওমনু ব্লকের ১৪টি ভিলেজ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন, উপস্থিত বিধায়ক শম্ভুলাল চাকমা ও MDC ইসমেলজয় ত্রিপুরা
ছাওমনু প্রতিনিধি।।
লংথরাইভ্যালি মহকুমার ছাওমনু ব্লকে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ১৪টি ভিলেজ কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। শুক্রবার দুপুর ১১টায় TTAADC ছাওমনু সাব-জোনালের উদ্যোগে ছাওমনু ব্লকের BAC হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯ ছাওমনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক শম্ভুলাল চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন MDC ইসমেলজয় ত্রিপুরা, ছাওমনু ব্লকের BDO কুমারদীপ সরকার, প্রাক্তন MDC হংসা কুমার ত্রিপুরা, সমাজকর্মী বিপ্লব চাকমা, সমাজকর্মী মাধব বড়ুয়া-সহ ব্লক ও ADC প্রশাসনের বিভিন্ন আধিকারিক এবং কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের মূল পর্বে ছাওমনু ব্লকের অধীন মোট ১৪টি ভিলেজ কমিটির নবনির্বাচিত সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। নতুন দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে তাঁরা নিজ নিজ এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা নবনির্বাচিত ভিলেজ কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি এলাকার উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, ভিলেজ কমিটি হলো গ্রামীণ স্তরে উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট কাজের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তর। তাই নতুন প্রতিনিধিদের শপথ গ্রহণের মধ্য দিয়ে ছাওমনু ব্লকের ১৪টি ভিলেজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন ছাওমনু ব্লকের BAC হল চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

0 মন্তব্যসমূহ