গন্ডাছড়া মহকুমা শাসকের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের সৌজন্যমূলক সাক্ষাৎ ও মতবিনিময় সভা
গন্ডাছড়া, ১২ নভেম্বর: বৃহস্পতিবার গন্ডাছড়া মহকুমা শাসক অভিজিৎ সিং যাদব মহকুমার কর্মরত সমস্ত সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন। মহকুমা শাসকের কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে প্রশাসনিক কাজকর্ম এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে মহকুমা শাসক অভিজিৎ সিং যাদব গন্ডাছড়া মহকুমা এলাকায় বর্তমানে চলমান এবং আগামী দিনে গৃহীত হতে চলা বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের অবগত করেন। বিশেষ করে গ্রামীণ পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রশাসন কী কী পদক্ষেপ গ্রহণ করছে, তা নিয়ে তিনি বিস্তারিত আলোকপাত করেন।
বৈঠকে উপস্থিত সাংবাদিকরাও মহকুমার বিভিন্ন প্রান্তের জনসমস্যা এবং গুরুত্বপূর্ণ ইস্যুগুলো মহকুমা শাসকের নজরে আনেন। সাধারণ মানুষের অভাব-অভিযোগ এবং স্থানীয় বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে উভয় পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়।
মহকুমা শাসক অভিজিৎ সিং যাদব বলেন, প্রশাসনের উন্নয়নমূলক কাজগুলো সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে এবং এলাকার প্রকৃত সমস্যাগুলো প্রশাসনের গোচরে আনতে সংবাদ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গন্ডাছড়া মহকুমার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে স্থানীয় সংবাদ মাধ্যমের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। উপস্থিত সাংবাদিকরাও মহকুমার উন্নয়নের স্বার্থে প্রশাসনকে সব ধরনের ইতিবাচক সহযোগিতা করার আশ্বাস দেন।

0 মন্তব্যসমূহ