ত্রিপুরার পর্যটনে মুগ্ধ নেপালি পরিবার: নারিকেল কুঞ্জ থেকে সিপাহীজলা, রাজ্য ভ্রমণে আপ্লুত অতিথিরা
নিজস্ব প্রতিনিধি, গণ্ডাছড়া রাজ্যের পর্যটন মানচিত্রে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ডম্বুর লেকের নারিকেল কুঞ্জ। এবার সুদূর নেপাল থেকে এক পর্যটক পরিবার পা রাখলেন ত্রিপুরার এই মনোরম পর্যটন কেন্দ্রে। নারিকেল কুঞ্জের প্রাকৃতিক রূপ ও ডম্বুর জলাশয়ের বিশাল জলরাশি দেখে তারা রীতিমতো আপ্লুত।
জানা গেছে, নেপাল থেকে আসা ওই পর্যটক পরিবারটি গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন। সফরের শুরুতে তারা উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে মায়ের আশীর্বাদ নেন। এরপর একে একে সিপাহীজলা অভয়ারণ্য ও মেলাঘরের ঐতিহাসিক নীরমহল প্রাসাদ পরিদর্শন করেন। সফরের শেষ লগ্নে তারা এসে পৌঁছান ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার নারিকেল কুঞ্জে।
ডম্বুর জলাশয়ের মাঝখানে সারি সারি নারিকেল গাছ আর শান্ত শীতল পরিবেশ উপভোগ করেন পর্যটকরা। তারা জানান, নেপাল পাহাড়ের দেশ হলেও ত্রিপুরার এই জল ও সবুজের মিতালী এক অনন্য অভিজ্ঞতা। এখানকার মানুষের আতিথেয়তা এবং পর্যটন কেন্দ্রগুলির পরিকাঠামো দেখে তারা খুশি। নারিকেল কুঞ্জ ঘুরে দেখার মাধ্যমেই তাদের ত্রিপুরা সফরের সমাপ্তি ঘটে। ভিনদেশি এই পর্যটকদের আগমন রাজ্যের পর্যটন শিল্পের বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

0 মন্তব্যসমূহ