পুরনো গেটে নতুন রং, উঠছে একাধিক প্রশ্ন
লংথারাইভ্যালি মহকুমার ছৈলেংটায় ২০১১ সালের পুরনো গেট নতুন করে রং লাগিয়ে স্থাপনের অভিযোগ
ছৈলেংটা: লংথারাইভ্যালি মহকুমার ছৈলেংটা এলাকায় ২০১১ সালের একটি পুরনো গেটকে নতুন করে রং লাগিয়ে বর্তমান একটি নার্সারিতে স্থাপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
এলাকাবাসীর দাবি, ২০১১ সালে তৎকালীন ছৈলেংটা গভর্নমেন্ট ডিগ্রি কলেজের পাশে একটি নার্সারি তৈরির সময় ওই গেটটি স্থাপন করার কথা ছিল। কিন্তু গেটটি নির্ধারিত স্থানে স্থাপন না করে পরবর্তীতে গয়নামা এলাকার একটি বাড়ির পেছনে রাখা হয় বলে অভিযোগ। ২০২০ সালেও সেখানে গেটটি পড়ে থাকতে দেখা গিয়েছিল বলে দাবি স্থানীয়দের।
স্থানীয়দের আরও দাবি, ২০২৫ সালে বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠার পর ছৈলেংটা ফরেস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত ফিল্ড রেঞ্জার হিসেবে পরিচিত অপু দাস গেটটি সেখান থেকে সরিয়ে নিয়ে যান। বর্তমানে সেই গেটটিতে নতুন করে রং লাগিয়ে ছৈলেংটা এসডিএম অফিসের পাশে থাকা নতুন নার্সারিতে স্থাপন করা হয়েছে বলে অভিযোগ।
ঘটনাকে ঘিরে এলাকাবাসীর প্রশ্ন, ২০১১ সালের পুরনো গেট যদি নতুন প্রকল্পে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে সেটিকে নতুন কাজ হিসেবে দেখানো হয়েছে কি না এবং এর জন্য কোনো সরকারি অর্থ বরাদ্দ বা বিল হয়েছে কি না—তা খতিয়ে দেখা প্রয়োজন।
স্থানীয়দের বক্তব্য, “পিতলের ওপর সোনার জল ঢাললেই পিতল সোনা হয়ে যায় না।” তাঁদের দাবি, বিষয়টি তদন্ত করে গেটটির পুরনো নথি, প্রকল্পের হিসাব এবং সংশ্লিষ্ট বিল-ভাউচার খতিয়ে দেখা হোক।
তবে এলাকাবাসীর উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা এবং প্রকল্প-সংক্রান্ত সরকারি নথিপত্র স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট ফরেস্ট দপ্তর ও অপু দাসের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।

0 মন্তব্যসমূহ