অসহায় পিতার আকুল কান্না নির্যাতন ও মিথ্যা অপবাদের শিকার নাবালিকা ৪ মাস ধরে হোমে বন্দি; জাতীয় শিশু সুরক্ষা কমিশন, মানবাধিকার কমিশন ও হাইকোর্টের দ্বারস্থ পরিবার
গণ্ডাতৈসা: "আমার স্ত্রী বাকপ্রতিবন্ধী, আমি নিরক্ষর ও দরিদ্র। আমার ১৫ বছরের নিষ্পাপ মেয়েটাকে একদল মানুষ নির্মমভাবে মারধর করল, বিবস্ত্র করে ভিডিও বানাল, আর শেষ পর্যন্ত বিচার পাওয়ার বদলে আমার মেয়েটাকেই চার মাস ধরে সরকারি হোমে বন্দি করে রাখা হলো!" চোখ ভরা জল আর ক্ষোভ নিয়ে এভাবেই নিজের করুণ আকুতি ব্যক্ত করলেন ধলাই জেলার গণ্ডাতৈসা মহকুমার মনোরঞ্জন দাস পাড়ার বাসিন্দা বৃদ্ধ ব্যক্তি ।
ঘটনার করুণ বিবরণী থেকে জানা যায়,নাবালিকা পিতার বক্তব্য অনুযায়ী মাস পাঁচেক আগে গ্রামের এক স্থানীয় এক ব্যক্তি গোপনে নাবালিকার বাড়িতে ঢুকে ১৫ বছরের নাবালিকা কন্যার শ্লীলতাহানির চেষ্টা চালায়। গ্রামে বিষয়টি মীমাংসা হলেও, সেই ঘটনার পর থেকেই প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে ঐ ব্যক্তির পরিবার ও স্থানীয় কিছু প্রভাবশালী মহিলা। গত ২৩ মে রাতে ১০-১২ জন মহিলা একজোটে নাবালিকার বাড়িতে এসে ঘুমন্ত নাবালিকাকে টেনে-হিঁচড়ে ঘর থেকে বের করে লাঠি, কিল ও ঘুসি দিয়ে প্রচণ্ড মারধর করে। এমনকি তার জামাকাপড় খুলে কুরুচিকর ভিডিও তৈরি করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এই অমানুষিক নির্যাতনের পর অসহায় পিতা ন্যায়বিচারের আশায় গণ্ডাছড়া থানার দ্বারস্থ হলেও অভিযোগ, পুলিশ এফআইআর (FIR) গ্রহণ করেনি। নির্যাতনের শিকার নাবালিকার কোনো জবানবন্দি না নিয়ে বা নিরপেক্ষ তদন্ত না করে ঘটনাটিকে হালকাভাবে দেখিয়ে একটি দুই পক্ষের সামান্য বিবাদ হিসেবে দেখিয়ে SDM এর নিকট পাঠায় পুলিশ। ফলে প্রাথমিকভাবেই সঠিক বিচার থেকে বঞ্চিত হয় নির্যাতিতা পরিবার।
অন্যদিকে, নিজেদের অপরাধ ঢাকতে অভিযুক্ত মহিলারা সংগঠিত হয়ে নাবালিকার বিরুদ্ধে কুৎসিত ও মিথ্যা অভিযোগ তৈরি করে মহকুমা শাসকের (SDM) দপ্তরে জমা দেয়। অভিযোগ উঠেছে, শিশু কল্যাণ সমিতি (CWC), ধলাই কোনো আইনি ভিত্তি ছাড়াই কেবল একটি লিখিত কাগজের উপর নির্ভর করে ১৫ বছরের ওই কিশোরীকে ‘ভিকটিম’ আখ্যা দিয়ে আগরতলার অভয়নগর সরকারি হোমে পাঠিয়ে দেয়।
বর্তমানে চার মাসেরও বেশি সময় অতিক্রান্ত হলেও নিজের ঘরে ফিরতে পারছে না অবোধ বালিকাটি। সে মানসিকভাবে ভেঙে পড়েছে এবং প্রতিদিন মা-বাবার কাছে ফেরার জন্য কান্না কাঁদছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ও হতাশ পিতা প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন জন্মদাতা পিতা-মাতা জীবিত, সক্ষম ও সন্তানকে লালন-পালন করতে ইচ্ছুক থাকা সত্ত্বেও কেন জুভেনাইল জাস্টিস অ্যাক্টের আইন উপেক্ষা করে সিডব্লিউসি (CWC) নাবালিকাকে পরিবারে ফিরতে দিচ্ছে না? থানার পুলিশ কেন অপরাধীদের বাঁচিয়ে সঠিক তদন্ত ও পকসো (POCSO) আইনে মামলা করল না? প্রকৃত অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও কেন নির্যাতিতা নাবালিকাকে অন্যায়ভাবে হোমে বন্দি দশা কাটাতে হচ্ছে? সিডব্লিউসি, ধলাই-এর চেয়ারম্যানের দ্বারে একাধিকবার লিখিত আবেদন জানিয়েছেন কিন্তু চেয়ারম্যান বলছে অভিযোগকারী মহিলাদের নিয়ে আসো না হলে ছাড়বো না, এখানে প্রশ্ন হলো কী বলছে জুভেনাইল জাস্টিস (শিশু সুরক্ষা) আইন?
আইনজ্ঞ ও শিশু অধিকার বিশেষজ্ঞদের মতে, ২০১৫ সালের জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রটেকশন অফ চিলড্রেন) অ্যাক্ট অনুযায়ী:
ধারা ৩৯(১) ও ৪০(৩): শিশু সুরক্ষার মূল নীতিই হলো পুনর্বাসনের ক্ষেত্রে প্রথম পছন্দ হিসেবে শিশুকে তার পরিবার বা নিজের অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়া। পিতা-মাতা সক্ষম ও ইচ্ছুক থাকা সত্ত্বেও শিশুকে দীর্ঘদিন প্রাতিষ্ঠানিক হোমে আটকে রাখা আইনের সরাসরি লঙ্ঘন।
ধারা ২৭ অনুযায়ী ক্ষমতা: সিডব্লিউসি-র বেঞ্চ সমতুল্য ম্যাজিস্ট্রেটের ক্ষমতা রাখে; তারা অভিযোগকারীদের তলব বা নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিতে পারে, কিন্তু তা না করে শিশুর পরিবারকে হেনস্থা করা আইনের ভুল প্রয়োগ। পরবর্তীতে অসহায় পিতা আবার জেলা শাসক (DM) ও মহকুমা শাসকের (SDM) কাছে আবেদন দিয়েও কোনো সদুত্তর পাননি অসহায় পিতা। অভিযোগ, গরিব ও নিরক্ষর হওয়ার কারণে তাঁদের সঙ্গে অসংবেদনশীল আচরণ করা হচ্ছে। প্রশাসনের চরম গাফিলতি ও উদাসীনতায় কোনো উপায় না দেখে, ভুক্তভোগী পরিবার ইতিমধ্যে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (NCPCR) এবং জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) কাছে লিখিত অভিযোগ দায়ের করবে । পাশাপাশি, মৌলিক মানবাধিকার রক্ষা ও নাবালিকা কন্যাকে অবিলম্বে মা-বাবার জিম্মায় ফেরত পাওয়ার দাবি নিয়ে ত্রিপুরা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির দ্বারস্থ হওয়ার পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবারটি। আবেদনে প্রচারিত কুরুচিকর ভিডিও বাজেয়াপ্ত করা, গাফিলতি করা পুলিশ ও সিডব্লিউসি কর্তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে পকসো ও আইটি অ্যাক্টে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।

0 মন্তব্যসমূহ