আরডি অফিসের সামনে মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার আরও ৫

আরডি অফিসের সামনে মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার আরও ৫

বিশালগড় প্রতিনিধি:

বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে ঠিকাদারকে মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনায় আরও পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। সোমবার সকালে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জের রামনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে বিশালগড়ের ঠিকাদার প্লাবন সাহা ও সাগর নাথকে মারধর এবং তাদের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ৯ সেপ্টেম্বর আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছিল বিশ্রামগঞ্জ থানার পুলিশ।

সোমবার একই ঘটনায় বাকি পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মামলায় গ্রেফতারের সংখ্যা আরও বাড়ল।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা জানান, “আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না। আইন আইনের পথেই চলবে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, আগের দুই অভিযুক্ত বর্তমানে জেল হেফাজতে রয়েছে।

ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানে বিশ্রামগঞ্জ এলাকায় পুলিশের ভূমিকার প্রতি সমর্থন জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ