লালছড়ার হরিমোহন পাড়ায় নির্মাণে গাফিলতির অভিযোগ, তদন্তের দাবি এলাকাবাসীর
লংতরাইভ্যালি মহকুমার ছাওমনু বিধানসভার অন্তর্গত দক্ষিণ লালছড়া ভিলেজের হরিমোহন পাড়ায় বিয়াং সম্প্রদায়ের পিটিজি বিভাগের জন্য নির্মিত একটি মাল্টিপারপাস হল ঘর এক বছরের মধ্যেই ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে বলে অভিযোগ উঠেছে। মনু আরডি দপ্তরের উদ্যোগে নির্মিত এই হল ঘরটি ২০২৫ সালের ১৮ জুন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। স্থানীয়দের দাবি, নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কিছুদিন পর থেকেই হল ঘরের বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। বর্তমানে ছাদ ও দেওয়ালের একাধিক অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এক বছরের মধ্যেই এমন পরিস্থিতি তৈরি হওয়ায় নির্মাণের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।
এলাকাবাসীর আরও অভিযোগ, মনু আরডি দপ্তরের অধীনে মোট চারটি স্থানে—নেপালটিলা, ছৈলেংটা, মনু ও লালছড়া মাল্টিপারপাস হল নির্মাণ করে একই দিনে উদ্বোধন করা হয়েছিল। এখন অন্যান্য হলগুলির অবস্থাও খতিয়ে দেখার দাবি উঠেছে। স্থানীয়দের মতে, যদি সব প্রকল্পেই একই ধরনের নিম্নমানের কাজ হয়ে থাকে, তবে তা অত্যন্ত উদ্বেগজনক বিষয়। এই ঘটনায় মনু আরডি দপ্তরের আধিকারিক বিনয় জমাতিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকাবাসীর দাবি, পুরো বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। বর্তমানে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এলাকার সাধারণ মানুষ উর্ধ্বতন কর্তৃপক্ষের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে। এখন দেখার বিষয়, অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।
0 মন্তব্যসমূহ