ছৈলেংটা জদু মোহন কমপ্লেক্স থেকে TSR হেডকোয়ার্টার পর্যন্ত সড়ক নির্মাণে চরম অনিয়মের অভিযোগ
ছৈলেংটা জদু মোহন কমপ্লেক্স থেকে TSR হেডকোয়ার্টার পর্যন্ত নির্মীয়মান সড়কের কাজ শুরু হতেই গুরুতর অনিয়মের অভিযোগ সামনে এসেছে। কাজ চলাকালীন অবস্থাতেই সড়কের উপরের পিচের আস্তরণ উঠে যেতে দেখা যাচ্ছে, যা নির্মাণের গুণগত মান নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।
স্থানীয় সূত্রে পাওয়া ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, নতুন করে বিছানো পিচের নিচে ঠিকভাবে বেস প্রস্তুত না করেই কাজ করা হয়েছে। সামান্য চাপ বা হাতের স্পর্শেই পিচের স্তর খসে পড়ছে এবং নিচে লালচে মাটি ও বালির স্তর প্রকাশ্যে চলে আসছে। কাজ শেষ হওয়ার তো প্রশ্নই নেই—নির্মাণের কিছুক্ষণের মধ্যেই যদি এই অবস্থা হয়, তাহলে সড়কের স্থায়িত্ব নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে।এলাকাবাসীর অভিযোগ, খোয়া ও বিটুমেনের অনুপাত ঠিক রাখা হয়নি। পিচ যথেষ্ট গরম অবস্থায় না বসানো কিংবা নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি। তাঁদের মতে, এভাবে কাজ চলতে থাকলে সরকারি অর্থ কার্যত জলে যাবে। সবচেয়ে গুরুতর প্রশ্ন উঠেছে ছাওমনু PWD দপ্তরের তদারকি নিয়ে। অভিযোগ, কাজ চলাকালীন কোনও কার্যকর নজরদারি নেই। সাইটে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের অনুপস্থিতিতে ঠিকাদার নিজের ইচ্ছামতো কাজ চালাচ্ছে। নিম্নমানের কাজ চোখের সামনে ধরা পড়লেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ হওয়ায়, এখান দিয়ে প্রতিদিন বহু মানুষ ও সরকারি যানবাহনের চলাচল হওয়ার কথা। কাজ চলাকালীনই যদি এভাবে পিচ উঠে যায়, তাহলে ভবিষ্যতে বড় দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সচেতন মহল।এলাকাবাসীর জোর দাবি, অবিলম্বে এই সড়ক নির্মাণের কাজ বন্ধ করে উচ্চপর্যায়ের প্রযুক্তিগত তদন্ত করা হোক। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ও সংশ্লিষ্ট PWD কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

0 মন্তব্যসমূহ