জাতি ও জনজাতি সাংবাদিকদের মেলবন্ধনে গড়ে উঠল গন্ডাছড়া প্রেস ক্লাব

জাতি ও জনজাতি সাংবাদিকদের মেলবন্ধনে গড়ে উঠল গন্ডাছড়া প্রেস ক্লাব

গন্ডাছড়া, ২৬ এপ্রিল:- দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো গন্ডাছড়া প্রেস ক্লাব। রবিবার এক শুভ মুহূর্তে রাজ্যের আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারের হাত ধরে আনুষ্ঠানিকভাবে দ্বারোদ্ঘাটন হয় গন্ডাছড়া সাব-ডিভিশনের সাংবাদিকদের এই মিলনকেন্দ্রটির। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুমলুঙ প্রেস ক্লাবের সম্পাদক রঞ্জিত দেববর্মা, জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক সুরজিৎ পাল এবং এশিয়ান টাইমের সম্পাদক সমরেশ দে বিশিষ্ট সমাজসেবী হরিশ দেববর্মা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গন্ডাছড়া প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদকসহ ক্লাবের অন্যান্য পদাধিকারী ও সদস্যবৃন্দ।এই প্রেস ক্লাব প্রতিষ্ঠার বিশেষ তাৎপর্য হলো  এখানে জাতি ও জনজাতি উভয় সম্প্রদায়ের সাংবাদিকরা একই ছাদের নিচে একত্রিত হয়েছেন। সমতল ও পাহাড়ের সাংবাদিকদের এই মেলবন্ধন গন্ডাছড়া সাব-ডিভিশনের সাংবাদিকতার ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

দীর্ঘদিন ধরে গন্ডাছড়া সাব-ডিভিশনে কর্মরত সাংবাদিকদের একটি সংগঠিত প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অনুভূত হয়ে আসছিল। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল। এই প্রেস ক্লাব প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্থানীয় সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পারস্পরিক সহযোগিতার একটি নতুন অধ্যায় সূচিত হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন। উদ্বোধক প্রণব সরকার তাঁর বক্তব্যে বলেন, গন্ডাছড়া প্রেস ক্লাব জাতি ও জনজাতি সাংবাদিকদের একটি সত্যিকারের মিলনবন্ধন হয়ে উঠবে এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, ভবিষ্যতে যেকোনো সমস্যায় আগরতলা প্রেস ক্লাব ও খুমলুঙ প্রেস ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখলে সব ধরনের সহযোগিতা করা হবে। গন্ডাছড়ার সাংবাদিকরা যেন কখনো একা না থাকেন, সেই আশ্বাস দেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। গন্ডাছড়া প্রেস ক্লাবের প্রয়াত প্রাক্তন সভাপতি তথা গন্ডাছড়ার প্রবীণ সাংবাদিক রবি সিং-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর উপস্থিত অতিথিবৃন্দ এবং প্রেস ক্লাবের সদস্য ও পদাধিকারীরা প্রয়াত এই সাংবাদিকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। গন্ডাছড়ার সাংবাদিকতার অঙ্গনে রবি সিং-এর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উপস্থিত সকলে অভিমত ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি গন্ডাছড়া সাংবাদিক মহলে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ