গন্ডাছড়ার প্রবীণ সাংবাদিক রবি সিং-এর পরিবারের পাশে সাংবাদিক সমাজ, সরকারি সহায়তার দাবি

গন্ডাছড়ার প্রবীণ সাংবাদিক রবি সিং-এর পরিবারের পাশে সাংবাদিক সমাজ, সরকারি সহায়তার দাবি

গন্ডাছড়া, ২৬ এপ্রিল :- কলম থামলেও দায়িত্ব থামে না। গত ৩০ মার্চ না-ফেরার দেশে চলে গেছেন গন্ডাছড়ার প্রবীণ সাংবাদিক রবি সিং। রেখে গেছেন শোকার্ত স্ত্রী আর এক পুত্র পুত্রবধূ ও নাতিনকে । কিন্তু তাঁর রেখে যাওয়া পরিবারকে একা ফেলে যায়নি সাংবাদিক সমাজ। ২৬এপ্রিল রবিবার তাঁর শোকসন্তপ্ত পরিবারের পাশে ছুটে এলেন রাজ্যের বিভিন্ন সংগঠনের বিশিষ্ট সাংবাদিকরা। গন্ডাছড়ায় প্রয়াত রবি সিং-এর বাড়িতে উপস্থিত হন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, খুমলুঙ প্রেস ক্লাবের সম্পাদক রঞ্জিত দেববর্মা, জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক সুরজিৎ পাল এবং এশিয়ান টাইমের সম্পাদক সমরেশ দে। তাঁরা প্রয়াত সাংবাদিকের স্ত্রী ও ছোট পুত্রের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর সমবেদনা জানান। পাশাপাশি শোকার্ত পরিবারটির পাশে দাঁড়ানোর নিদর্শন হিসেবে কিছু আর্থিক সহায়তাও তুলে দেন তাঁদের হাতে। এখানেই শেষ নয়। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এদিন সরকারের কাছে একটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। তিনি জানান, দীর্ঘ কর্মজীবনে সমাজের জন্য নিরলস কাজ করে যাওয়া প্রবীণ এই সাংবাদিকের স্ত্রীকে যেন সরকারের পক্ষ থেকে প্রতি মাসে ৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। একজন নিবেদিতপ্রাণ সাংবাদিকের পরিবার যেন অর্থকষ্টে না পড়েন, সেটি নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। রবি সিং ছিলেন গন্ডাছড়ার সাংবাদিকতার এক জীবন্ত ইতিহাস। এই প্রত্যন্ত পাহাড়ি জনপদের সাধারণ মানুষের কথা, তাদের অধিকারের কথা, তাদের বেদনার কথা তিনি তুলে ধরেছেন দশকের পর দশক ধরে। তাঁর চলে যাওয়ায় গন্ডাছড়ার সাংবাদিকতায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

আজকের এই সফরে উপস্থিত সাংবাদিকরা অভিমত প্রকাশ করেন, রবি সিং-এর মতো মাঠপর্যায়ের সাংবাদিকরা সারাজীবন সমাজের জন্য লিখে যান, কিন্তু তাঁদের পরিবার প্রায়ই থাকেন নিরাপত্তাহীন। রাজ্য সরকার এই দাবির প্রতি সহানুভূতিশীল দৃষ্টি দেবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন। একটি পরিবারের অশ্রু আর একটি সমাজের শ্রদ্ধার মিলন ঘটল আজ গন্ডাছড়ার সেই পরিচিত বাড়িতে  যেখানে এখনও যেন প্রতিটি দেওয়ালে লেগে আছে রবি সিং-এর সারাজীবনের সাধনার ছোঁয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ