আগরতলায় বারের প্রবেশপথে গৌতম বুদ্ধের মূর্তি ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শহরের ‘হ্যাপিয়েস্ট আওয়ার’ নামের একটি বারের সামনে বুদ্ধের পবিত্র মূর্তি প্রদর্শন করাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে বৌদ্ধ সম্প্রদায়ের একাংশ।
এই ঘটনায় সরব হয়েছেন মনু-ছৈলেংটা এলাকার এমডিসি হলিউড চাকমা। তিনি অভিযোগ করেন,
“একটি বাণিজ্যিক ও বিনোদনমূলক স্থানে গৌতম বুদ্ধের মতো পূজনীয় ধর্মীয় প্রতীকের ব্যবহার অত্যন্ত অনুচিত ও অসম্মানজনক। এতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত লেগেছে।”
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, ত্রিপুরায় বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় ১ লক্ষ ২৫ হাজার ৩৮৫, যা রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ৩.৪১ শতাংশ। চাকমা, মোগ ও বরুয়া সম্প্রদায়ের বহু মানুষ এই ধর্মের অনুসারী।
হলিউড চাকমা জানান, তিনি ইতিমধ্যেই বারের মালিকের সঙ্গে কথা বলে অবিলম্বে মূর্তিটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন,
“দ্রুত উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
ঘটনাটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া। অনেকেই ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান বজায় রাখার দাবি তুলেছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ভিন্ন মতও প্রকাশ করছেন।
এখন নজর প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে—এই বিতর্কিত ঘটনায় শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেওয়া হয়, সেটাই দেখার।

0 মন্তব্যসমূহ