বিজেপি-র মিছিলে যাওয়ার নাম করে নিখোঁজ গৃহবধূ, দুই শিশুসন্তানকে নিয়ে দিশেহারা স্বামী, চাঞ্চল্য ছাওমনুতে

বিজেপি-র মিছিলে যাওয়ার নাম করে নিখোঁজ গৃহবধূ, দুই শিশুসন্তানকে নিয়ে দিশেহারা স্বামী, চাঞ্চল্য ছাওমনুতে

রঞ্জিৎ মল্লিক লংতরাইভ্যালী 

ছাওমনু, ধলাই, ২০ এপ্রিল ২০২৬*

বিজেপি পার্টির মিছিলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার পূর্ব ছাওমনু গাঁওসভার অন্তর্গত দেবেন্দ্র কারবাড়ি পাড়ায়। নিখোঁজ গৃহবধূর নাম ফুলো রানী ত্রিপুরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দুই শিশুসন্তানকে বাড়িতে রেখে নিখোঁজ

নিখোঁজ গৃহবধূর স্বামী শুভ জয় ত্রিপুরা জানান, গত ১০ এপ্রিল সকাল আনুমানিক আটটা নাগাদ বিজেপি পার্টির মিছিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ফুলো রানী ত্রিপুরা। সঙ্গে আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং নগদ ১২৫০ টাকা নিয়ে যান তিনি। দুই অবুঝ ছেলেকে বাড়িতেই রেখে যান।

সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় উদ্বেগ

সারাদিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেলেও ফুলো রানী বাড়ি না ফেরায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজখবর শুরু করেন স্বামী শুভ জয় ত্রিপুরা। কিন্তু কোথাও তাঁর সন্ধান মেলেনি। মাকে না পেয়ে দুই শিশুসন্তান কান্নাকাটি শুরু করে বলে জানা গেছে।


থানায় নিখোঁজ ডায়েরি

বহু খোঁজাখুঁজির পরেও স্ত্রীর কোনো সন্ধান না পেয়ে অবশেষে আজ দুপুরে ছাওমনু থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন শুভ জয় ত্রিপুরা। আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ঘটনার বিস্তারিত জানান এবং প্রশাসনের কাছে স্ত্রীকে খুঁজে বের করার আর্জি জানান।


এই বিষয়ে ছাওমনু থানার পুলিশ জানিয়েছে, নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ