দীর্ঘদিন বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পড়াশোনা থেকে বঞ্চিত কচিকাঁচারা; শিক্ষিকার বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

দীর্ঘদিন বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পড়াশোনা থেকে বঞ্চিত কচিকাঁচারা; শিক্ষিকার বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ




লংথারাইভ্যালি, ধলাই: ধলাই জেলার লংথারাইভ্যালি মহকুমার গয়নামা নীলকান্ত পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ থাকায় এলাকার শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা ও অন্যান্য পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।


এলাকাবাসীর অভিযোগ, কেন্দ্রটিতে শিক্ষার্থী, শিক্ষিকা ও হেলপার থাকা সত্ত্বেও নিয়মিতভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালিত হচ্ছে না। তাদের দাবি, দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা মল্লিকা চাকমা দীর্ঘদিন ধরে কেন্দ্রটি নিয়মিত চালাচ্ছেন না। বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করেন তারা।


স্থানীয়দের আরও অভিযোগ, কেন্দ্রটি চালুর দাবিতে অতীতে একাধিকবার গ্রামবাসীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এবং প্রতীকীভাবে কেন্দ্রে তালাও ঝুলিয়েছেন। তাদের বক্তব্য, সরকারিভাবে বেতন প্রদান করা হলেও শিশুদের নিয়মিত শিক্ষা ও অঙ্গনওয়াড়ির পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে।


এলাকাবাসীর দাবি, শিশুদের স্বার্থে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি, অভিযোগের সত্যতা পাওয়া গেলে বর্তমান শিক্ষিকার পরিবর্তে একজন নিয়মিত ও দায়িত্বশীল শিক্ষিকা নিয়োগেরও দাবি জানিয়েছেন তারা।


তবে এই অভিযোগের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা বা সংশ্লিষ্ট দপ্তরের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ