গন্ডাছড়া, ৭ জুলাই: সরকারি উদাসীনতা আর প্রশাসনিক নিষ্ক্রিয়তার প্রতিবাদে অবশেষে নিজেদের ভাগ্য নিজেদের হাতেই তুলে নিলেন গ্রামবাসীরা।

 গন্ডাছড়া, ৭ জুলাই: সরকারি উদাসীনতা আর প্রশাসনিক নিষ্ক্রিয়তার প্রতিবাদে অবশেষে নিজেদের ভাগ্য নিজেদের হাতেই তুলে নিলেন গ্রামবাসীরা।

গন্ডাছড়া মহকুমার অন্তর্গত গন্ডাছড়া টু রইস্যাবাড়ী সড়ক এবং গড়িয়াপাড়া টু ভক্তপাড়া রাস্তার দীর্ঘদিনের বেহাল দশা নিয়ে বারংবার প্রশাসনিক দুয়ারে কড়া নেড়েও কোনো সুরাহা মেলেনি। পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে ব্লক অফিস পর্যন্ত ছুটে বেড়িয়েছেন গ্রামবাসীরা, কিন্তু প্রতিবারই তাদের ভাগ্যে জুটেছে শুধুই আশ্বাস আর প্রতিশ্রুতির বুলি।রাস্তার এই বেহাল অবস্থার কারণে সবচেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামের অসুস্থ ও প্রসূতি রোগীরা। জরুরি পরিস্থিতিতে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় প্রতিমুহূর্তে জীবন সংকটের মুখোমুখি হতে হয় তাদের। বর্ষার দিনে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় কাদায় ভরা রাস্তায় গাড়ি চলাচল তো দূরের কথা, গাড়ি পর্যন্ত গ্রামে প্রবেশ করতে রাজি হয় না। ফলে অসুস্থ রোগীকে কাঁধে করে বা হেঁটে বহু দূর পথ পাড়ি দিতে বাধ্য হন পরিজনরা। দীর্ঘদিনের এই দুর্ভোগ আর প্রশাসনিক নীরবতায় ক্ষুব্ধ হয়ে অবশেষে সরকারের মুখাপেক্ষী না থেকে নিজেদের উদ্যোগেই রাস্তা মেরামতের কাজে হাত লাগালেন গ্রামবাসীরা। ইট ও কংক্রিট দিয়ে রাস্তার ভাঙাচোরা অংশ মেরামতের কাজ শুরু হয়েছে আজ। গ্রামবাসীদের স্পষ্ট বক্তব্য, যতটুকু কংক্রিট প্রয়োজন হবে, তা তারা নিজেদের মধ্যে চাঁদা তুলেই সংগ্রহ করবেন এবং নিজ হাতে রাস্তা সংস্কার করবেন। সরকারি প্রতিশ্রুতির অপেক্ষায় বসে থেকে আর জীবনের ঝুঁকি নিতে রাজি নন তারা। এই ঘটনা প্রশাসনের ব্যর্থতাকে আরও একবার প্রকাশ্যে এনে দিয়েছে। গ্রামবাসীদের এই প্রতিবাদী উদ্যোগ যেমন তাদের দুর্দশার প্রকৃত চিত্র তুলে ধরছে, তেমনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এক কঠোর বার্তাও বহন করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ