লংথারাইভ্যালিতে বন্যার তাণ্ডব! ১৫টি ত্রাণ শিবিরে আশ্রয় ১,২৫২ জন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিধায়ক শম্ভু লাল চাকমা

 টানা বৃষ্টিতে লংথারাইভ্যালিতে বন্যা পরিস্থিতির অবনতি, ১৫টি ত্রাণ শিবিরে আশ্রয় ১,২৫২ জনের

লংথারাইভ্যালি, ৮ জুলাই: গতকাল বিকেল প্রায় ৫টা থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টি এখনও অব্যাহত থাকায় লংথারাইভ্যালি মহকুমায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে। মনু নদী ও বিভিন্ন ছড়ার জলস্তর বৃদ্ধি পাওয়ায় মনুঘাট, ছাওমনুসহ বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বহু বাড়িঘরে জল ঢুকে পড়ায় মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

পরিস্থিতি মোকাবিলায় মহকুমা প্রশাসনের উদ্যোগে মোট ১৫টি ত্রাণ শিবির (রিলিফ ক্যাম্প) খোলা হয়েছে। এর মধ্যে মনুঘাট এলাকায় ১৩টি এবং ছাওমনু এলাকায় ২টি ত্রাণ শিবির চালু করা হয়েছে।

লংথারাইভ্যালি মহকুমার মহকুমা শাসক সুব্রত দাস জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ১,২৫২ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে এনে এই ত্রাণ শিবিরগুলিতে আশ্রয় দেওয়া হয়েছে। প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদার করা হচ্ছে।

এদিকে বন্যা পরিস্থিতির খবর পেয়ে ৪৯-ছাওমনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক শম্ভু লাল চাকমা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি প্লাবিত বিভিন্ন এলাকা ও ত্রাণ শিবির ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টি আরও অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ