ছাওমনুতে দুর্নীতির পাহাড় প্রাক্তন বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ সার
প্রকাশ্য দিবালোকে সরকারি সহায়তার ফায়দা লুটে ব্যক্তিগত আখের গোছানোর এক নক্কারজনক চিত্র ধরা পড়ল ছাওমনুতে। প্রাক্তন বিজেপি মন্ডল সভাপতি তথা বর্তমান মথা নেতা মোহন লাল চাকমার বাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ অবৈধ জৈব সার। পুলিশের এই অভিযানে সাধারণ মানুষের মনে যেমন ক্ষোভ তৈরি হয়েছে, তেমনই প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
সরকারি সারে ব্যক্তিগত গুদাম: নেপথ্যে কারা?
আজ মোহন লাল চাকমার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ মোট ৫৮ বস্তা অবৈধ জৈব সার উদ্ধার করে। একজন ব্যক্তির বাড়িতে কৃষি দপ্তরের এত বিপুল পরিমাণ সার কীভাবে পৌঁছাল, তা নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই সারগুলি প্রকৃত অর্থে দরিদ্র কৃষকদের পাওয়ার কথা ছিল। সাধারণ কৃষকদের বঞ্চিত করে সেই সরকারি সম্পত্তি একজন রাজনৈতিক নেতার বাড়িতে মজুদ থাকা সরাসরি দুর্নীতির প্রমাণ দেয়।
অভিযোগ উঠেছে, মোহন লাল চাকমা যখন বিজেপি মন্ডল সভাপতির দায়িত্বে ছিলেন, তখন থেকেই তিনি ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার দুর্নীতিতে লিপ্ত হন। এই দুর্নীতির টাকা দিয়েই তিনি বিলাসবহুল প্রাসাদোপম বাড়ি বানিয়েছেন বলে স্থানীয়দের দাবি।দুর্নীতির পাহাড় আড়াল করতেই কি তিনি বিজেপি ত্যাগ করে অন্য দলে নাম লিখিয়েছেন? আজ সেই সত্যই ধীরে ধীরে জনসমক্ষে আসছে। কৃষি দপ্তরের নজর এড়িয়ে কীভাবে এত বস্তা সার পাচার হলো? এর পেছনে দপ্তরের কোনো আধিকারিকের যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানাচ্ছে জনতা।
ছাওমনুর সাধারণ মানুষ এই নক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন। জনগণের ট্যাক্সের টাকায় কেনা সার যখন নেতার ব্যক্তিগত গুদামে পাওয়া যায়, তখন বুঝতে হবে দুর্নীতি শিকড় কতটা গভীরে। অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

0 মন্তব্যসমূহ