তিপ্রা মথা ছেড়ে ২৭৫ ভোটার বিজেপিতে যোগদান, এডিসি নির্বাচনে ২৮টি আসনেই লড়বে বিজেপি
মঙ্গলবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে এক যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে একটি সাংবাদিক সম্মেলনও অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার।
সাংবাদিক সম্মেলনে বিপিন দেববর্মা জানান, ৫৫টি পরিবারের মোট ২৭৫ জন ভোটার তিপ্রা মথা দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছেন। যোগদানকারীদের মধ্যে তিপ্রা মথার উল্লেখযোগ্য নেতা গুরপদ দেববর্মা, উদিনা রুপিনি-সহ পাঁচজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব রয়েছেন। তাঁদের দলে স্বাগত জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা।
এদিনের সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রদেশ সম্পাদক স্পষ্ট জানিয়ে দেন, আসন্ন এডিসি নির্বাচনে তিপ্রা মথার সঙ্গে কোনও আসন ভাগাভাগির চিন্তাভাবনা বিজেপির নেই। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, এডিসি নির্বাচনে বিজেপি দল ২৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ২৮টি আসনই দখল করবে।

0 মন্তব্যসমূহ