প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ছৈলেংটায় লাল ঝড়, মনোনয়ন জমা বামফ্রন্ট প্রার্থীদের
লংতরাইভ্যালী থেকে রঞ্জিত মল্লিক
প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সংগ্রামী মেজাজে লাল পতাকার ঢেউয়ে ভেসে উঠল ছৈলেংটা। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ছাওমনু এবং মনু ছৈলেংটা আসনে বামফ্রন্ট সমর্থিত সিপিআই(এম) প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিলেন উৎসবমুখর পরিবেশে।
প্রার্থীদের মধ্যে ছিলেন খুশিরাম ত্রিপুরা এবং রাহুল দাস। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও দলীয় কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি মনোনয়ন প্রক্রিয়াকে রূপ দেয় এক শক্তি প্রদর্শনে। লাল পতাকা, স্লোগান আর মিছিলের মাধ্যমে এলাকাজুড়ে তৈরি হয় নির্বাচনী আবহ।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই(এম) ধলাই জেলা সম্পাদক অঞ্জন দাস এবং রাজ্য কমিটির সদস্য ললিত ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্ব। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জানান, সাধারণ মানুষের অধিকার ও উন্নয়নের দাবিকে সামনে রেখেই এই লড়াই, এবং জনগণের বিপুল সমর্থন নিয়ে তারা আশাবাদী জয়ের ব্যাপারে।
প্রাকৃতিক প্রতিকূলতাকে হার মানিয়ে এদিনের মনোনয়ন জমা কর্মসূচি বামফ্রন্টের সংগঠনিক শক্তি ও জনসমর্থনেরই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক মহল।

0 মন্তব্যসমূহ