মনোনয়নপত্র জমা দিলেন রাইমাভ্যেলী কংগ্রেসের দুই প্রার্থী, তিপ্রা মথা-বিজেপিকে একহাত নিলেন দলীয় নেতৃত্ব

মনোনয়নপত্র জমা দিলেন রাইমাভ্যেলী কংগ্রেসের দুই প্রার্থী, তিপ্রা মথা-বিজেপিকে একহাত নিলেন দলীয় নেতৃত্ব

আসন্ন এডিসি নির্বাচনে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে গন্ডাছড়া মহকুমা শাসক অফিসে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেসের দুই মনোনীত প্রার্থী। ৮ নম্বর গঙ্গানগর গন্ডাছড়া আসনে দলের প্রার্থী দিনা রাম রিয়াং এবং ২৪ নম্বর রাইমাভ্যালী আসনে প্রার্থী সুরেশ ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এই উপলক্ষে উপস্থিত ছিলেন রাইমাভ্যালী ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা, দলীয় নেতৃত্ব গৌরাঙ্গ দাস-সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলীয় নেতৃত্ব তিপ্রা মথা ও বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তাঁরা জানান, বর্তমানে এডিসিতে ক্ষমতায় থাকা তিপ্রা মথা বিগত পাঁচ বছরে এডিসি এলাকার মানুষের জন্য কিছুই করেনি, কেবল দুর্নীতিতে মেতে থেকেছে। নেতৃত্ব আরও অভিযোগ করেন, বিজেপি ও তিপ্রা মথা আসলে একই মুদ্রার দুই পিঠ  লোক দেখানোর জন্য আলাদা আলাদা প্রার্থী দিয়েছে মাত্র, কিন্তু তাদের স্বার্থ অভিন্ন। দলীয় নেতৃত্ব আশাবাদ ব্যক্ত করে জানান, এলাকার জনগণ এবার পরিবর্তন চান এবং কংগ্রেস প্রার্থীরা উভয় আসনেই বিপুল ভোটে জয়যুক্ত হবেন।উল্লেখ্য, এডিসি নির্বাচনকে ঘিরে গন্ডাছড়া অঞ্চলে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। কংগ্রেসের এই প্রার্থী ঘোষণা ও মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহের ছবি দেখা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ