লংতরাইভ্যালী মহকুমায় ছৈলেংটা বাজার ভাঙ্গা মুড়া তীব্র পানীয় জলের সংকট, বিকল পাম্পে দুর্ভোগে ২৫০ পরিবার
লংতরাইভ্যালী মহকুমার ছৈলেংটা বাজারের ভাঙ্গা মুড়া এলাকায় তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। গত ১৫ তারিখ থেকে এলাকার একমাত্র জল সরবরাহকারী পাম্পটি বিকল হয়ে পড়ায় চরম সমস্যায় পড়েছেন প্রায় ২৫০টি পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, এই পাম্পের উপরই নির্ভরশীল গোটা এলাকার বাসিন্দারা। পাম্পটি বন্ধ হয়ে যাওয়ার ফলে পানীয় জল থেকে শুরু করে রান্না ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় কাজ সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে অনেক পরিবার বাজার থেকে ২০ লিটার করে জল কিনে এনে দৈনন্দিন কাজ চালাচ্ছেন, যা একদিকে বাড়াচ্ছে খরচ, অন্যদিকে সৃষ্টি করছে চরম ভোগান্তি।
এলাকাবাসীদের অভিযোগ, ২০২২ সালে পাম্পটি স্থাপন করা হলেও বর্তমানে পুরনো পাম্প দিয়েই কাজ চালানো হচ্ছে। ফলে কিছুদিন পরপরই পাম্পটি বিকল হয়ে পড়ছে এবং নিয়মিত জল সরবরাহে বিঘ্ন ঘটছে। ইতিমধ্যেই বহুবার পাম্পটি খারাপ হয়েছে বলে দাবি স্থানীয়দের।
বর্ষা মৌসুমে নিকটবর্তী নদীর জল ঘোলা থাকায় সেটিও ব্যবহারযোগ্য নয়, ফলে সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। বারবার সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও এখনও পর্যন্ত মেরামতের জন্য কোনো কর্মী ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ।
এলাকায় ক্ষোভ ক্রমশ বাড়ছে। দ্রুত পাম্পটি মেরামত করে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

0 মন্তব্যসমূহ