পানীয় জল ও বিদ্যুতের দাবিতে সোনামাড়ায় রাস্তা অবরোধ, তীব্র ভোগান্তিতে সাধারণ মানুষ

পানীয় জল ও বিদ্যুতের দাবিতে সোনামাড়ায় রাস্তা অবরোধ, তীব্র ভোগান্তিতে সাধারণ মানুষ

কৈলাসহর পুর পরিসদের ১৬ নম্বর ওয়ার্ডের সোনামাড়া এলাকায় পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে বৃহস্পতিবার বিকেলে আগরতলা-কৈলাসহর সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের ফলে সড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে এবং নিত্যযাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগের শিকার হন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সাতদিন ধরে সোনামাড়া এলাকায় তীব্র পানীয় জলের সংকটের পাশাপাশি বিদ্যুৎ পরিষেবাও সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। কয়েকদিনের লাগাতার ঝড়-বৃষ্টিতে এলাকার একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। এরপর থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা।

অভিযোগ, স্থানীয় বাসিন্দারা এবং ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা ঘোষ সূত্রধর একাধিকবার বিদ্যুৎ দপ্তরে ফোন করেও কোনো সাড়া পাননি। পরবর্তীতে কাউন্সিলর সরাসরি বিদ্যুৎ অফিসে গিয়েও সমস্যার সমাধান করতে পারেননি বলে অভিযোগ ওঠে।

বিদ্যুৎ না থাকায় পাম্প মেশিন চালানো সম্ভব হয়নি, যার ফলে এলাকায় পানীয় জলের সংকট আরও ভয়াবহ আকার ধারণ করে। অবশেষে নিরুপায় হয়ে বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ স্থানীয় বাসিন্দারা আগরতলা-কৈলাসহর সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন।

রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় কৈলাসহর থানার বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর জওয়ানরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। অবরোধ ঘিরে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কৈলাসহর পুর পরিসদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়। তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলে সমস্যার বিস্তারিত জানেন এবং সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর নির্দেশে বিদ্যুৎ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ শুরু করেন।

চেয়ারপার্সন চপলা রানী দেবরায় জানান, সন্ধ্যা সাতটার মধ্যে বিদ্যুৎ পরিষেবা ও পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

অন্যদিকে, অবরোধকারীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে ফের রাস্তা অবরোধ করে বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন তারা।

তবে সংকটের সময়ে দ্রুত এলাকায় পৌঁছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোয় চেয়ারপার্সন চপলা রানী দেবরায়কে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ