নির্মীয়মান ছাত্রী নিবাসের কাজ নিয়ে তিপ্রা মথা বনাম বিজেপি-এসএমসি উত্তপ্ত গণ্ডাছড়া
গণ্ডাছড়া, ২৯ এপ্রিল ২০২৬:- গণ্ডাছড়ার তুই চাকমা গিরিশচন্দ্র কারবাড়ী পাড়া স্কুলের নির্মীয়মান ছাত্রী নিবাসের নির্মাণকাজ ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। পিডব্লিউডি দপ্তরের অধীনে চলমান এই নির্মাণকাজে দুর্নীতির অভিযোগ এনেছে তিপ্রা মথা, পাল্টা চাঁদাবাজির অভিযোগ করেছে বিজেপি ও স্কুলের এসএমসি কমিটি।তিপ্রা মথার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ছাত্রী নিবাসের নির্মাণকাজ সঠিকভাবে হচ্ছে না। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ সারা হচ্ছে বলে তাদের দাবি। তারা অবিলম্বে সঠিক নিয়ম মেনে মানসম্পন্ন নির্মাণকাজ করার দাবি জানিয়েছে। অন্যদিকে বিজেপি এবং তুই চাকমা গিরিশচন্দ্র কারবাড়ী পাড়া স্কুলের এসএমসি কমিটি পাল্টা অভিযোগ করেছে। তাদের দাবি, তিপ্রা মথা এই নির্মাণকাজের নাম করে চাঁদাবাজি করছে। নির্মাণকাজে বাধা সৃষ্টি করে অর্থ আদায়ের চেষ্টা চলছে বলে তারা অভিযোগ করেছে।দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় মহলে প্রশ্ন উঠছে পিডব্লিউডি দপ্তরের এই নির্মাণকাজের মান তদারকির দায়িত্ব কার? রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির মাঝে স্কুলের ছাত্রীদের জন্য নির্মীয়মান এই নিবাসের কাজ আদৌ সঠিকভাবে সম্পন্ন হবে কিনা, সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে উঠেছে। সংশ্লিষ্ট পিডব্লিউডি দপ্তরের কাছে এ বিষয়ে বক্তব্য এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

0 মন্তব্যসমূহ