চড়ক মেলার আড়ালে ‘ঝান্ডিমুন্ডা সাম্রাজ্য’! পুলিশের হানায় ফাঁস জুয়ার আসর, বাজেয়াপ্ত নগদ ও সরঞ্জাম

চড়ক মেলার আড়ালে ‘ঝান্ডিমুন্ডা সাম্রাজ্য’! পুলিশের হানায় ফাঁস জুয়ার আসর, বাজেয়াপ্ত নগদ ও সরঞ্জাম!

 ধর্মীয় মেলা নাকি জুয়ার মাফিয়াদের রমরমা ব্যাবসা? চড়ক মেলার আড়ালে তেলিয়ামুড়া থানার অন্তর্গত মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ যেন রাতারাতি পরিণত হয়েছিল “ঝান্ডিমুন্ডা খেলার মুক্তাঞ্চলে”। অভিযোগ, এলাকার কিছু তথাকথিত হাফপ্যান্ট সাইজের নেতা এবং প্রভাবশালী মহলের ছত্রছায়াতেই প্রকাশ্যে বসেছিল এই জুয়ার আসর।

     স্থানীয় সূত্রের দাবি, বিকেলে ধর্মীয় ও সাংস্কৃতিক আবহ থাকলেও রাত বাড়তেই মাঠ জুড়ে শুরু হয় টাকার খেলা। গুটির কট-কট শব্দ আর জুয়ার বোর্ডে টাকা ওড়ানোর দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়ে উঠছিল সচেতন মহলের একাংশ। 

     অবশেষে গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযান চালায়। হানাদারিতে জুয়া খেলার বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রী, নগদ অর্থ সহ দুই জুয়ারি'কে আটক করা হয়। পুলিশের এই অভিযানে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

       এদিকে, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এস.আই সুমিত্রা দেববর্মা স্পষ্ট বার্তা দেন— সমাজ থেকে এই ধরনের অবৈধ জুয়া বন্ধ করতে শুধু পুলিশের অভিযান যথেষ্ট নয়, প্রয়োজন সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা। তিনি সচেতন নাগরিকদের এগিয়ে এসে তথ্য দিয়ে প্রশাসন'কে সহায়তা করার আহ্বান জানান।

     প্রশ্ন উঠছে, ধর্মীয় মেলার পবিত্র পরিবেশ'কে ঢাল বানিয়ে আর কতদিন চলবে এই জুয়ার রমরমা কারবার? আর কারাই বা রয়েছে এই “ঝান্ডিমুন্ডা সিন্ডিকেট”-এর নেপথ্যে— এখন সেটাই খুঁজছে পুলিশ ও জানতে চাইছে সাধারণ মানুষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ