রইস্যাবাড়ীতে সিপিআই(এম)-এর মিছিল ও ডেপুটেশন ১১ দফা দাবিতে ব্লক আধিকারিকের কাছে স্মারকলিপি পেশ
১৩ মে :গন্ডাতুইসা মহকুমার রইস্যাবাড়ী ব্লক এলাকার জনগণের ১১ দফা দাবিকে সামনে রেখে বুধবার তীব্র গরমকে উপেক্ষা করে সিপিআই(এম)-এর উদ্যোগে রইস্যাবাড়ী বাজারে বিক্ষোভ মিছিল ও ব্লক আধিকারিকের কাছে ডেপুটেশন কার্যক্রম সংগঠিত হয়েছে।
সিপিআই(এম) রইস্যাবাড়ী অঞ্চল কমিটির কার্যালয়ে বিভিন্ন অংশের নারী-পুরুষ একত্রিত হয়ে মিছিল শুরু করেন। বাজারের বিভিন্ন পথ প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে জমায়েত অনুষ্ঠিত হয়। প্রবীণ নেতা লাল কিশোর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) ধলাই জেলা কমিটির সম্পাদক অঞ্জন দাস এবং গন্ডাতুইসা মহকুমা কমিটির সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা। ১১ দফা দাবিসনদ তুলে ধরেন জেলা কমিটির সদস্য রবিমোহন ত্রিপুরা। এছাড়া উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সুমতি রঞ্জন চাকমাসহ একাধিক নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে অঞ্জন দাস বলেন, ১১ দফা দাবির প্রতিটি দাবিই অত্যন্ত যুক্তিসঙ্গত এবং আমজনতার স্বার্থবাহী। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান বিজেপি জোট সরকার ও তিপ্রা মথা পরিচালিত এডিসি প্রশাসনের আট বছরের শাসনে সামগ্রিক উন্নয়নের পরিবর্তে কেবল কিছু নির্দিষ্ট পরিবারের উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি, মাদকের রমরমা, সন্ত্রাস, মাফিয়ারাজ, তোলাবাজি এবং নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে গ্রাম ও পাহাড়ের সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছেন বলে তিনি উল্লেখ করেন। কাজের সন্ধানে হাজার হাজার আদিবাসী যুবক ভিনরাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন বলেও তিনি জানান।
মিছিল ও জমায়েত শেষে সিপিআই(এম)-এর পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রইস্যাবাড়ী ব্লক আধিকারিকের কাছে স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে উল্লিখিত উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে ভিবিজিআর(জি) বাতিল করে পুনরায় মনরেগা চালু করে বছরে ২০০ দিনের কাজ ও দৈনিক ৭০০ টাকা মজুরি নিশ্চিত করা; রইস্যাবাড়ী ব্লক এলাকায় গ্যাস এজেন্সি ও পেট্রোল পাম্প স্থাপন; রইস্যাবাড়ী হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং এক্স-রে ও সোনোগ্রাফি মেশিন সরবরাহ; প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও নির্মীয়মান ছাত্রাবাস চালু করা; ক্ষতিগ্রস্ত রাস্তার সংস্কার, সেতু নির্মাণ ও পানীয় জলের সংকট সমাধান; তুইচাকমা এলাকায় সরকারি ব্যাংক ও থানা স্থাপন এবং দূরবর্তী জনবসতিতে নতুন ন্যায্যমূল্যের দোকান চালু করা। ব্লক আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করেন সিপিআই(এম) গন্ডাতুইসা মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য চিরণ কুমার ত্রিপুরা।

0 মন্তব্যসমূহ