শিরোনাম: আইফোন উপহারের প্রলোভন দেখিয়ে যুবতীকে নির্যাতনের অভিযোগ: গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর আদিত্য দাস

শিরোনাম: আইফোন উপহারের প্রলোভন দেখিয়ে যুবতীকে নির্যাতনের অভিযোগ: গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর আদিত্য দাস

কাঞ্চনমালা প্রতিনিধি : আইফোন উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে এক উপজাতি যুবতীকে শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন আদিত্য দাস নামে এক কন্টেন্ট ক্রিয়েটর। ধৃত আদিত্য দাস পেশায় একজন মোবাইল দোকানের মালিক বলেও জানা গেছে। শনিবার গভীর রাতে আমতলী থানার পুলিশ তাকে গ্রেফতার করে।


পুলিশ সূত্রে জানা গেছে, ধলাই জেলার এক উপজাতি যুবতীর সঙ্গে কিছুদিন আগে ফেসবুকে পরিচয় হয় অভিযুক্ত আদিত্য দাসের। ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা শুরু হলে, আদিত্য ওই যুবতীকে দেখা করার প্রস্তাব দেয় এবং তাকে একটি দামি আইফোন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেয় বলে অভিযোগ।


নির্যাতিতা যুবতীর অভিযোগ অনুযায়ী, শনিবার সকালে ঔষধ কেনার উদ্দেশ্যে তিনি ট্রেনে করে আগরতলায় আসেন। বাধারঘাট রেলওয়ে স্টেশনে পৌঁছালে আদিত্য তার বাইক নিয়ে সেখানে হাজির হয়। অভিযোগ, প্রথমে তাকে অন্যত্র নিয়ে যাওয়ার কথা বললেও পরে স্টেশনের পাশের একটি হোটেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে জোরপূর্বক নির্যাতন করা হয়। বাধা দিলে তাকে মারধর করা হয়েছে বলেও যুবতী অভিযোগ করেছেন।


নির্যাতিতার দাবি, অভিযুক্ত আদিত্য হোটেল থেকে বের হওয়ার সময় তার মোবাইল ফোনটি কেড়ে নেয় এবং তাকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ওই যুবতী পশ্চিম আগরতলা মহিলা থানায় আদিত্য দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগের ভিত্তিতে তৎপর হয়ে ওঠে পুলিশ। পশ্চিম আগরতলা মহিলা থানার ওসি ইন্সপেক্টর শিউলি দাসের নেতৃত্বে পুলিশ শনিবার রাতে আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে অভিযুক্তের মোবাইল দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে আমতলী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং রাত প্রায় দুটো নাগাদ তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়।


পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আদিত্য দাসের বাড়ি কমলপুর এলাকায়। শহরে তার দুটি মোবাইলের দোকান রয়েছে এবং সামাজিক মাধ্যমে সে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত। আমতলী থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৬৫(১) ও ৩৫১(২) ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। রবিবার দুপুরে আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাস সাংবাদিকদের জানান, ধৃত আদিত্য দাসকে আদালতে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ