উত্তর ত্রিপুরা ও উনাকোটি জেলায় ‘মাই ভারত’-এর অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা কার্যক্রম সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি:
ভারত সরকারের ‘মাই ভারত’ উদ্যোগের অধীনে উত্তর ত্রিপুরা ও উনাকোটি জেলায় জনঔষধি, Geriatric Care (বয়স্কদের স্বাস্থ্যসেবা) এবং আয়ুষ বিষয়ক পাঁচ দিনব্যাপী অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা কার্যক্রম (Experiential Learning Programme-ELP) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
প্রথম পর্যায়ে গত ১৫ থেকে ১৯ জুন উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমা হাসপাতালে এবং দ্বিতীয় পর্যায়ে ২২ থেকে ২৬ জুন উনাকোটি জেলা হাসপাতালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উভয় জেলার স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় এবং উদ্ভাবনী সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় কর্মসূচিগুলি আয়োজিত হয়।
‘মাই ভারত’-এর অধীনে পরিচালিত এই অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা কার্যক্রমের মূল লক্ষ্য হলো তাত্ত্বিক জ্ঞান ও বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতার মধ্যে থাকা ব্যবধান দূর করা। এর মাধ্যমে দেশের তরুণ-তরুণীদের বিভিন্ন সরকারি বিভাগ, অলাভজনক সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানে হাতে-কলমে কাজ করার সুযোগ করে দেওয়া হয়।
কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো শ্রেণিকক্ষের শিক্ষাকে বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা, তরুণদের ডিজিটাল যোগাযোগ, নেতৃত্ব ও সমস্যা সমাধানের মতো দক্ষতা অর্জনে সহায়তা করা এবং সরকারি পরিষেবা ব্যবস্থার তৃণমূল স্তরের বাস্তবতার সঙ্গে তাদের পরিচিত করা। পাশাপাশি সমাজসেবা, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড, নাগরিক সচেতনতা এবং আন্তঃপ্রজন্মীয় সম্পর্কের বিকাশেও এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এছাড়াও, অংশগ্রহণকারীদের কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সম্ভাবনা বৃদ্ধি করাও এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।
উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবর্ষে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিষয়ের উপর এই ELP কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মাই ভারত পোর্টালের মাধ্যমে আবেদন করে প্রতিটি কর্মসূচিতে পাঁচজন যুবক-যুবতী অংশগ্রহণের সুযোগ পেয়ে থাকেন।
এই উদ্যোগের মাধ্যমে তরুণ সমাজকে বাস্তব অভিজ্ঞতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

0 মন্তব্যসমূহ