ছৈলেংটায় ঘরোয়া সংযোগে ২ লক্ষ ৮২ হাজার টাকার বিদ্যুৎ বিল! মিটার ত্রুটির অভিযোগে TSECL-এর দ্বারস্থ গ্রাহক

 ছৈলেংটায় ঘরোয়া সংযোগে ২ লক্ষ ৮২ হাজার টাকার বিদ্যুৎ বিল! মিটার ত্রুটির অভিযোগে TSECL-এর দ্বারস্থ গ্রাহক

ধলাই জেলার ছৈলেংটা এলাকার এক বিদ্যুৎ গ্রাহকের ঘরোয়া সংযোগে অস্বাভাবিকভাবে ২ লক্ষ ৮২ হাজার ৬২৬ টাকার বিদ্যুৎ বিল আসায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (TSECL)-এর মনু বিদ্যুৎ উপবিভাগের সহকারী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট গ্রাহক বলরাম সরকার।


অভিযোগ অনুযায়ী, ছৈলেংটা ফিশারি পাড়ার বাসিন্দা বলরাম সরকারের কনজিউমার আইডি 100730121117 নম্বরের ঘরোয়া বিদ্যুৎ সংযোগে গত ১২ মে ২০২৬ তারিখে ইস্যুকৃত বিলে মোট ২,৮২,৬২৬ টাকা প্রদর্শিত হয়। একটি সাধারণ আবাসিক সংযোগে এত বিপুল অঙ্কের বিল আসাকে অস্বাভাবিক বলে দাবি করেছেন তিনি।


বলরাম সরকারের দাবি, তিনি নিয়মিতভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন। এমনকি গত ২৩ মে ২০২৬ তারিখে তিনি ৫ হাজার টাকা অগ্রিম জমাও দেন। সীমিত বিদ্যুৎ ব্যবহার সত্ত্বেও এত বড় অঙ্কের বিল আসায় তিনি বিস্ময় প্রকাশ করেন।


লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, মিটার রিডিং গ্রহণে ভুল অথবা মিটারের যান্ত্রিক ত্রুটির কারণেই এই অস্বাভাবিক বিল তৈরি হয়ে থাকতে পারে। তাই তিনি বিদ্যুৎ দপ্তরের কাছে মিটার পুনরায় পরীক্ষা, রিডিং যাচাই এবং বিল সংশোধনের দাবি জানিয়েছেন।


ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এখন TSECL কর্তৃপক্ষ অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করে এবং গ্রাহকের সমস্যার সমাধান কত দ্রুত হয়, সেদিকেই নজর রয়েছে সকলের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ