গন্ডাছড়ায় পিতার হাতে নৃশংস হত্যাকাণ্ড, নিহত দুই শিশুসন্তান, গ্রেফতার অভিযুক্ত পিতা

গন্ডাছড়ায় পিতার হাতে নৃশংস হত্যাকাণ্ড, নিহত দুই শিশুসন্তান, গ্রেফতার অভিযুক্ত পিতা

গন্ডাছড়া, ২৭ জুন : ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার কানান্তা পাড়া উল্টাছড়া ব্রু সেটেলমেন্ট ক্যাম্পে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মদ্যপ অবস্থায় নিজের দুই নিষ্পাপ সন্তানকে নৃশংসভাবে হত্যা করেছেন এক পিতা বলে অভিযোগ। নিহতদের মধ্যে রয়েছে ১৩ বছর বয়সী কন্যাসন্তান রীচিকা ব্রু এবং মাত্র চার বছর বয়সী শিশুপুত্র পৃসমাইহা ব্রু। অভিযুক্ত পিতার নাম লালচুয়ান মাউমা (৩৬)।

জানা গেছে, শনিবার সকাল ছয়টা নাগাদ অভিযুক্ত লালচুয়ান মাউমা মদ্যপ অবস্থায় তার স্ত্রীর সঙ্গে কোনো একটি বিষয়ে তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ঝগড়ার পর স্ত্রী তাদের একটি ছেলেসন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। বাড়িতে একা থেকে যায় চার বছরের শিশুপুত্র পৃসমাইহা ব্রু এবং ১৩ বছর বয়সী কন্যাসন্তান রীচিকা ব্রু। এরপর তীব্র রোষের বশে অভিযুক্ত পিতা গাছের লাকড়ি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে দুই সন্তানকে হত্যা করেন বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে প্রতিবেশীরা অভিযুক্তকে ঘটনাস্থলেই আটক করে রাখেন। খবর পেয়ে গন্ডাছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত লালচুয়ান মাউমাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং বিস্তারিত তদন্ত শুরু করে। উভয় শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গন্ডাছড়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত পিতার বিরুদ্ধে হত্যার মামলা রুজু হয়েছে বলে জানা গেছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ