TIPRA Motha-কে ধাক্কা! বিজেপিতে যোগ দিলেন শান্তিভূষণ চাকমা

 ছৈলেংটা ১১ নম্বর বুথে বিজেপির উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়। সভায় TIPRA Motha-র শুরু থেকেই সক্রিয় নেতা, ৬ নম্বর এডিসি আসনের প্রাক্তন অর্গানাইজিং সেক্রেটারি এবং দক্ষিণ ছৈলেংটা ভিসির প্রাক্তন চেয়ারম্যান শান্তিভূষণ চাকমা দলীয় সমস্ত পদ ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। পাশাপাশি সিপিআই(এম)-এর একটি পরিবারের দুই ভোটারও বিজেপিতে যোগদান করেন।

নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান ৪৯-ছাওমনু বিধানসভার বিধায়ক শম্ভুলাল চাকমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতা-কর্মীরা।


সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শম্ভুলাল চাকমা বলেন, বিজেপি বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল এবং দেশের উন্নয়নের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি দাবি করেন, ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকারের আমলে উন্নয়নের নতুন ধারা শুরু হয়েছে। প্রত্যন্ত এলাকায় পানীয় জল ও বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। লংথরাইভ্যালি মহকুমার অধিকাংশ গ্রামীণ সড়কের উন্নয়ন সম্পন্ন হয়েছে এবং যেসব রাস্তার কাজ এখনও বাকি রয়েছে, সেগুলিও দ্রুত সম্পন্ন করা হবে।


প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রসঙ্গে তিনি বলেন, সিপিআই(এম) সরকারের সময় একটি পঞ্চায়েতে বছরে ১০ থেকে ২০টি আবাস যোজনার ঘর বরাদ্দ হতো। বর্তমানে বিজেপি সরকারের আমলে একটি পঞ্চায়েতেই ৩০০ থেকে ৪০০টি পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অনুমোদিত হচ্ছে এবং সাধারণ মানুষ তার সুবিধা পাচ্ছেন বলে তিনি দাবি করেন।


বিধায়ক আরও বলেন, “দীর্ঘ ২৫ বছরে সিপিআই(এম) সরকার যা করতে পারেনি, বিজেপি সরকার মাত্র আট বছরে তার চেয়েও বেশি উন্নয়নমূলক কাজ করেছে।” তিনি জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই যোগদান বিজেপির সাংগঠনিক শক্তিকে আরও বৃদ্ধি করবে এবং ছৈলেংটা ১১ নম্বর বুথে দলের ভিত্তিকে আরও মজবুত করবে।


যোগদান সভাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই যোগদানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ