ছৈলেংটা হাসপাতালে সাফাই কর্মীদের মারধরের অভিযোগ,
ধলাই জেলার ছৈলেংটা হাসপাতালে সাফাই কর্মীদের সঙ্গে মারধরের এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। ঘটনাটি ঘটে গত ১২ মার্চ, বৃহস্পতিবার। অভিযোগ অনুযায়ী, সেদিন সকালে সাফাই কর্মীরা হাসপাতালে কাজে আসার পর হাসপাতাল চত্বর ঠিকমতো পরিষ্কার না হওয়ার অভিযোগ তুলে এক হাসপাতাল আধিকারিক তাদের ওপর চড়াও হন।অভিযোগ রয়েছে, ওই আধিকারিক হাসপাতালের পেছনের দিকে, যেখানে সিসিটিভি ক্যামেরা নেই, সেখানে ডেকে নিয়ে একটি পাইপ দিয়ে দুই সাফাই কর্মীকে বেধড়ক মারধর করেন। একই সঙ্গে দুই মহিলা সাফাই কর্মীকেও মারধরের অভিযোগ ওঠে, যদিও মারধরের শিকার দুই মহিলা সাফাই কর্মীদের কাছ থেকে এ বিষয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।মারধরের শিকার সাফাই কর্মীদের নাম উষা রানি পাল, কবিতা দেবনাথ, প্রণয় সরকার এবং লালন চাকমা বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে আজ সংবাদ প্রতিনিধি ছৈলেংটা হাসপাতালে পৌঁছান। সেখানে মহিলা কর্মীদের দেখা না মিললেও প্রণয় সরকার ও লালন চাকমাকে ডিউটিতে উপস্থিত অবস্থায় পাওয়া যায়। জানা যায়, আগের দিনের ঘটনায় আহত হওয়া সত্ত্বেও চাকরি হারানোর ভয়ে তারা কাজে যোগ দিতে বাধ্য হন। ঘটনাস্থলে সেই পাইপটিও দেখা যায়, যেটি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। পাইপটি বেঁকে যাওয়া অবস্থায় হাসপাতালের পেছনে পড়ে থাকতে দেখা যায়।এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে—সরকারি হাসপাতালের মতো জায়গায় কি এখন দুর্বল কর্মীদের ওপর ক্ষমতার জোরে অত্যাচার চালানো হচ্ছে? অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

0 মন্তব্যসমূহ