টাকার অভাবে দুই বছর ধরে চিকিৎসাহীন আড়াই বছরের পারমিতা, সরকারি সহায়তার আশায় অসহায় বাবা-মা
ছাওমনু প্রতিনিধি: টাকার অভাবে দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে পারছেন না অসহায় বাবা-মা। আড়াই বছরের ছোট্ট শিশু পারমিতা ত্রিপুরার শারীরিক অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের। ধলাই জেলার ছাওমনু ব্লকের অন্তর্গত ধন্যা রাম কারবারি পাড়ার বাসিন্দা পারমিতা ত্রিপুরা। তার বাবা দরজো মোহন ত্রিপুরা এবং মা করিতা ত্রিপুরা।
পরিবারের দাবি, প্রায় দুই বছর ধরে অসুস্থ অবস্থায় বাড়িতেই রয়েছে পারমিতা। আর্থিক অনটনের কারণে নিয়মিত চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। কিছুদিন আগে অনেক কষ্টে টাকা জোগাড় করে তাকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসকরা শিশুটিকে পরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য নেই পরিবারের। ফলে অনেক চিন্তাভাবনার পর অসুস্থ শিশুটিকে বাড়িতেই ফিরিয়ে আনতে বাধ্য হন তার বাবা-মা।
পারমিতার বাবা জানান, প্রথমদিকে শিশুটির কাশি ছিল। পরবর্তীতে তার পেট অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়। বর্তমানে তার কান দিয়েও জল বের হচ্ছে বলে পরিবারের দাবি। সন্তানের এই শারীরিক অবস্থায় কীভাবে চিকিৎসা করাবেন, তা নিয়ে দিশেহারা বাবা-মা।
অসহায় বাবা-মায়ের আবেদন, সরকার কিংবা সংশ্লিষ্ট দপ্তর যদি দ্রুত আর্থিক ও চিকিৎসা সহায়তার হাত বাড়িয়ে দেয়, তাহলে উন্নত চিকিৎসার মাধ্যমে ছোট্ট পারমিতাকে সুস্থ করে তোলার সুযোগ তৈরি হতে পারে।
অসুস্থ শিশুটির চিকিৎসার জন্য প্রশাসন ও সরকারের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন পারমিতার বাবা-মা।

0 মন্তব্যসমূহ