কৈলাসহরে সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে জেলা কংগ্রেসের বিক্ষোভ!পথ অবরোধ!!
বিদ্যুৎ পরিষেবার অবনতি, দীর্ঘক্ষণ লোডশেডিং এবং অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহর। বেসরকারি বিদ্যুৎ পরিষেবা সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে শুক্রবার দুপুরে ঊনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে শহরে প্রতিবাদ মিছিল, বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়।দুপুর প্রায় ৩টা নাগাদ ঊনকোটি জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে কৈলাসহরের পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায় সাই কম্পিউটার লিমিটেডের কার্যালয়ের সামনে পৌঁছায়। সেখানে দলীয় কর্মী-সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। কর্মসূচিতে জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান, বরিষ্ঠ কংগ্রেস নেতা বদরুজ্জামান, কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহাসহ দলের কয়েক হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।বিক্ষোভ চলাকালীন মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এর মধ্যে ছিল—“মন্ত্রী রতনলাল নাথ থেকে আজাদি, সাই কম্পিউটার থেকে আজাদি, বিজেপি থেকে আজাদি”। বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি যান চলাচলেও সাময়িক প্রভাব পড়ে।
বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান অভিযোগ করেন, কৈলাসহর ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় নিয়মিত দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে। দিনের পাশাপাশি রাতেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে পানীয় জল সরবরাহ, ব্যবসা-বাণিজ্য, পড়াশোনা এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলেও তিনি দাবি করেন।বিদ্যুতের বিল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। কংগ্রেসের অভিযোগ, বহু গ্রাহকের কাছে অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল আসছে। বিদ্যুতের মাশুল সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিয়েও গ্রাহকদের মধ্যে অসন্তোষ রয়েছে বলে দাবি করা হয়। একই সঙ্গে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ জানাতে সাই কম্পিউটার লিমিটেডের স্থানীয় কার্যালয়ে যোগাযোগ করেও অনেক সময় গ্রাহকরা দ্রুত পরিষেবা বা সন্তোষজনক প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেন কংগ্রেস নেতৃত্ব।
বিক্ষোভকারীদের অন্যতম দাবি, কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা পরিচালনার দায়িত্বে থাকা সাই কম্পিউটার লিমিটেডকে অবিলম্বে সরিয়ে দিতে হবে। তাঁদের দাবি, বেসরকারি সংস্থার পরিবর্তে পুনরায় ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (TSECL)-এর হাতে বিদ্যুৎ বিতরণের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হোক। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, বিদ্যুৎ মানুষের অত্যাবশ্যকীয় পরিষেবা এবং এই পরিষেবার ক্ষেত্রে সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত।বিদ্যুৎ পরিষেবা নিয়ে রাজ্য সরকারের ভূমিকারও তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেতারা। তাঁদের অভিযোগ, বেসরকারি সংস্থাকে সুবিধা দিতে গিয়ে সাধারণ গ্রাহকদের সমস্যার মুখে ঠেলে দেওয়া হচ্ছে। বিদ্যুৎ পরিষেবার অব্যবস্থাপনা, দীর্ঘ লোডশেডিং এবং বিল সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
উল্লেখ্য, বিদ্যুৎ পরিষেবা নিয়ে কৈলাসহরে সাধারণ গ্রাহকদের মধ্যেও দীর্ঘদিন ধরে ক্ষোভ রয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। বিভিন্ন সময়ে বিদ্যুৎ বিভ্রাট ও বিল সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে প্রতিবাদসহ বিক্ষোভের ঘটনাও ঘটেছে।এদিনের আন্দোলনের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিষেবা নিয়ে জমে থাকা ক্ষোভ ফের প্রকাশ্যে এল। এখন নিয়মিত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিল সংক্রান্ত অভিযোগের স্বচ্ছ নিষ্পত্তি এবং গ্রাহকদের অভিযোগ দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে কৈলাসহরের সাধারণ মানুষ।

0 মন্তব্যসমূহ