৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক, দাবি না মানলে অনির্দিষ্টকালের অবরোধের হুঁশিয়ারি
আগরতলা, বৃহস্পতিবার: নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণের দাবিতে আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে আত্মসমর্পণকারী বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের আহ্বায়ক জীবন জয় রিয়ান সহ অন্যান্য নেতৃত্বরা এই কর্মসূচির ঘোষণা করেন।
সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন দাবি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানান তারা। তবে বারবার আলোচনা হলেও এখন পর্যন্ত তাদের দাবিগুলির ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে অভিযোগ সংগঠনের নেতৃত্বের।
তাদের বক্তব্য, সমস্যার সমাধানের মূল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মন্ত্রীদের হাতে নেই। সংগঠনের এক নেতৃত্বের কথায়, “তালার চাবি মন্ত্রীদের কাছে নেই, চাবি রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে।” তাই সরাসরি মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।
সংগঠনের নেতৃত্বরা স্পষ্ট জানিয়ে দেন, আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার বন্ধ কর্মসূচি পালন করা হবে। এই সময়ের মধ্যে সরকার তাদের দাবি-দাওয়া নিয়ে কার্যকর পদক্ষেপ না নিলে পরবর্তী সময়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
তাদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে আলোচনা ও আশ্বাসের পরও বাস্তব ক্ষেত্রে সমস্যার সমাধান হয়নি। ফলে এবার আর শুধু আলোচনা নয়, দাবি আদায়ের জন্য কঠোর আন্দোলনের পথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্বরা বলেন, আগামী দিনের আন্দোলনকে কেন্দ্র করে যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা ঘটনা ঘটে, তার দায়ভার রাজ্য সরকারকেই নিতে হবে। বিশেষ করে মানিক সাহার নেতৃত্বাধীন সরকার এবং বিজেপি সরকারকে এ বিষয়ে দায়ী থাকবে বলে মন্তব্য করেন তারা।
এদিকে ৭২ ঘণ্টার বন্ধের ঘোষণাকে ঘিরে রাজ্যের জনজীবনে কী ধরনের প্রভাব পড়ে এবং সরকার পরিস্থিতি মোকাবিলায় কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই এখন নজর রয়েছে।

0 মন্তব্যসমূহ