সাত বছরেও ইট সোলিং রাস্তা মেটেলিং নয়, ভোট বয়কটের হুঁশিয়ারি দেবনাথ পাড়ায়
গন্ডাছড়া প্রতিনিধি :ভিলেজ কাউন্সিল নির্বাচন দোরগোড়ায়। তার আগেই রাস্তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন ডুম্বুরনগর ব্লকের সরমা পঞ্চায়েতের অন্তর্গত দেবনাথ পাড়ার বাসিন্দারা। দীর্ঘ বছর ধরে ইট সোলিং অবস্থায় পড়ে থাকা এলাকার একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি আজও মেটেলিং রাস্তায় পরিণত হয়নি। অথচ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রায় সাত বছর পেরিয়ে গেলেও এই রাস্তাটির স্থায়ী উন্নয়ন না হওয়ায় প্রশ্ন উঠছে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে।
এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তাটি একই অবস্থায় পড়ে রয়েছে। কিছুদিন পরপর রাস্তার বিভিন্ন অংশে নামমাত্র মেরামতের কাজ করা হয়, কিন্তু স্থায়ী সংস্কার হয় না। অভিযোগ, এই ধরনের দায়সারা কাজ দেখিয়ে বারবার বিল তৈরি করে সরকারি অর্থ তুলে নেওয়া হয়েছে। এ নিয়ে স্থানীয় একাংশ নেতা এবং পঞ্চায়েত সচিবের ভূমিকা নিয়েও গুরুতর অভিযোগ তুলেছেন বাসিন্দাদের একাংশ।
তবে মেরামতের নামে সত্যিই কোনো অনিয়ম বা সরকারি অর্থের অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হওয়া সম্ভব। এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট দপ্তর যেন গত কয়েক বছরের রাস্তা মেরামতের কাজ, বরাদ্দ ও বিলের হিসাব প্রকাশ্যে আনে এবং প্রয়োজনে নিরপেক্ষ তদন্ত করে। বর্ষা এলেই ইট সোলিং রাস্তাটির বেহাল দশা আরও প্রকট হয়ে ওঠে বলে অভিযোগ। যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ, স্কুলপড়ুয়া, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। দীর্ঘদিন ধরে একই দুর্ভোগ চললেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ এখন চরমে পৌঁছেছে। অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। আর নির্বাচনকে সামনে রেখে এবার সরাসরি নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছেন দেবনাথ পাড়ার ক্ষুব্ধ বাসিন্দারা। তাঁদের বক্তব্য, ভোটের আগে আর ফাঁকা প্রতিশ্রুতি নয় প্রথমে রাস্তার বাস্তব উন্নয়ন করতে হবে। এলাকাবাসীর একাংশের স্পষ্ট হুঁশিয়ারি রাস্তা মেটেলিং করে স্থায়ীভাবে চলাচলের উপযোগী না করা হলে এবার ভোট দেওয়া হবে না। দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার প্রতিবাদে ভোটের মাধ্যমেই জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা বলে দাবি। এখন দেখার বিষয়, নির্বাচনের আগে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেবনাথ পাড়ার মানুষের এই দীর্ঘদিনের দাবি কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে। নাকি ভোটের পরও আগের মতোই ইট সোলিং রাস্তায় চলবে উন্নয়নের প্রতিশ্রুতির গাড়ি কিন্তু বাস্তবে থেকে যাবে সেই একই দুর্ভোগ?

0 মন্তব্যসমূহ